বেঙ্গালুরুর কর্পোরেট ডে-কেয়ারে শিশুদের উপর পাশবিক অত্যাচার: ওয়াশিং মেশিন ও বাথরুমে আটকে নির্যাতনের ভিডিও ভাইরাল

বেঙ্গালুরুর একটি কর্পোরেট ডে-কেয়ারে শিশুদের উপর পাশবিক নির্যাতনের ঘটনা প্রকাশ্যে। ওয়াশিং মেশিন ও বাথরুমে আটকে নির্যাতনের ভিডিও ভাইরাল হতেই পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

Share:

ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ বেঙ্গালুরুর একটি কর্পোরেট ডে-কেয়ার সেন্টারে শিশুদের উপর নারকীয় নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ২ থেকে ৩ বছর বয়সী শিশুদের উপর অমানবিক অত্যাচারের একাধিক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ নড়েচড়ে বসেছে। অভিযোগ, তথ্যপ্রযুক্তি সংস্থা ক্যাপজেমিনির এইএএল ক্যাম্পাসের ভিতরে অবস্থিত ওই ডে-কেয়ারে শিশুদের ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের ড্রামের মধ্যে বসিয়ে রাখা হত।

এছাড়াও, টয়লেটের জেট স্প্রে দিয়ে মুখে জল ছিটানো এবং কাঁদলে বাথরুমে আটকে রাখার মতো পাশবিক ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় অভিভাবকরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগের ভিত্তিতে পাঁচ জন পরিচর্যাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে, কর্নাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছেও পৃথক অভিযোগ জমা পড়েছে। পুলিশ ভাইরাল হওয়া ভিডিওগুলির সত্যতা খতিয়ে দেখছে এবং কতদিন ধরে এই নির্যাতন চলছিল, তা তদন্ত করে দেখছে।

এই ঘটনা কর্পোরেট ক্যাম্পাসের ডে-কেয়ারগুলির নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বহু অভিভাবক কর্মস্থলে নিশ্চিন্তে কাজ করার জন্য সন্তানদের এই কেন্দ্রে রেখে যেতেন, এখন তাঁদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়েছে। ক্যাপজেমিনি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনার তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডে-কেয়ারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ডে-কেয়ার পরিচালনার নিয়মাবলী নতুন করে পর্যালোচনা করার দাবি উঠেছে।