ব্যুরো নিউজ, ৩১ জুলাই ২০২৬: মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে গভীর রাতে এক ভয়াবহ দুর্ঘটনায় চারতলা একটি বাড়ি ধসে পড়েছে। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ বালাজি নগর এলাকার কোহিনুর বিল্ডিংয়ের বড় অংশ ভেঙে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রশাসনিক আধিকারিকরা। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে এখনও চার থেকে আটজন আটকে থাকতে পারেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স (TDRF), দমকল, পুলিশ এবং পুরসভার আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চলছে।
ডগ স্কোয়াড, একাধিক ফায়ার ইঞ্জিন এবং ভারী আর্থমুভিং যন্ত্র ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া বাসিন্দাদের বের করে আনার চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, বাড়িটি দীর্ঘদিন ধরেই জীর্ণ অবস্থায় ছিল। কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, বাড়িটি খালি করার নির্দেশ থাকা সত্ত্বেও সেখানে মেরামতির কাজ চলছিল। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি। ভবন ধসের সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বর্ষাকালে ভিওয়ান্ডিতে পুরনো ও জীর্ণ ভবন ধসে পড়ার ঘটনা নতুন নয়, যা শহরের পুরনো আবাসনগুলির নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।








