ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ বারাণসীর বেনারস লোকোমোটিভ ওয়ার্কস (BLW) বৈদ্যুতিক লোকোমোটিভ উৎপাদনে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ২০২৬ সালের জুলাই মাসে এই কারখানা রেকর্ড সংখ্যক ৬৫টি বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি করে নজির স্থাপন করেছে। এটি যেকোনো অর্থবর্ষে এক মাসে বিএলডব্লিউ-এর সর্বোচ্চ উৎপাদন। এর আগে ২০২৫ সালের মার্চ মাসে ৬১টি লোকোমোটিভ তৈরি করে তারা নিজেদেরই রেকর্ড ভেঙেছে।
জুলাই মাসে উৎপাদিত ৬৫টি লোকোমোটিভের মধ্যে ভারতীয় রেলওয়ের জন্য ৪৪টি WAG-9HC মালবাহী, ১৩টি WAP-7 যাত্রীবাহী এবং ৮টি অমৃত ভারত বৈদ্যুতিক লোকোমোটিভ রয়েছে। বিএলডব্লিউ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মোট ১১,৪৫৫টি লোকোমোটিভ নির্মাণ করেছে, যার মধ্যে ৩,১০৯টি বৈদ্যুতিক লোকোমোটিভ। বিএলডব্লিউ-এর জেনারেল ম্যানেজার আশুতোষ পান্থ এই সাফল্যের জন্য কর্মীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠাকে কৃতিত্ব দিয়েছেন।
তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য রেল মন্ত্রক নির্ধারিত ৪৬৮টি বৈদ্যুতিক লোকোমোটিভ উৎপাদনের লক্ষ্যমাত্রা তারা নির্দিষ্ট সময়ের আগেই অর্জন করতে সক্ষম হবেন। এই অর্জন ‘আত্মনির্ভর ভারত’ গড়ার ক্ষেত্রে বিএলডব্লিউ-এর অগ্রণী ভূমিকাকে তুলে ধরে। উল্লেখযোগ্যভাবে, বিএলডব্লিউ ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে। সংস্থাটি এখনও পর্যন্ত মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সুদান, তানজানিয়া, মালি, সেনেগাল, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, ভিয়েতনাম এবং মালয়েশিয়া সহ মোট ১১টি দেশে ১৮২টি লোকোমোটিভ ইঞ্জিন রপ্তানি করেছে। এই সাফল্য দেশের শিল্পক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।








