ব্যুরো নিউজ, ৬ অক্টোবর ২০২৬: মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের লোহাগঞ্জ পঞ্চনগর এলাকায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টার অভিযোগে বিএসএফের হাতে আটক হয়েছেন ২৫ জন বাংলাদেশি নাগরিক এবং এক ভারতীয় দালাল।
বিএসএফ সূত্রে খবর, ধৃতরা ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই বাংলাদেশিরা ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। তাঁদের অনেকের বৈধ কাগজপত্র ছিল না। কাজের সূত্রে তাঁরা কাশ্মীরেও গিয়েছিলেন বলে অভিযোগ।
সোমবার রাতে তাঁরা কুশমন্ডির লোহাগঞ্জের পঞ্চনগর এলাকায় জড়ো হন এবং কুশমন্ডি হয়ে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন। এই সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের দেখে ফেললে তাঁরা ধান খেতে লুকিয়ে পড়ার চেষ্টা করেন।
স্থানীয় এক যুবক জানান, ভোরে তাঁর মা একসঙ্গে কয়েকজনকে জড়ো হতে দেখে তাঁকে ডাকেন। যুবক দেখেন, তাঁদের বাড়ির পেছনে এক দালাল লুকিয়ে রয়েছেন। এরপর তিনি বিএসএফ ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কুশমন্ডি থানার পুলিশ। আটক বাংলাদেশিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং দালালকেও জিজ্ঞাসাবাদ শুরু হয়।
কুশমন্ডির বিধায়ক তাপসচন্দ্র রায় এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকটি সীমান্ত লাগোয়া এলাকা। বেশ কিছু অপরিচিত মানুষকে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
বর্তমানে আটক ব্যক্তিরা বর্ডার সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধানে রয়েছেন এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় এই ধরনের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে।








