ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ ভারতের প্রথম বুলেট ট্রেন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করল রেল মন্ত্রক। আগামী ২০২৭ সালের ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবসে মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিড করিডোরে এই অত্যাধুনিক ট্রেনটির যাত্রা শুরু হবে বলে জানা গিয়েছে। জাপানের শিনকানসেন প্রযুক্তির আদলে তৈরি এই ট্রেন ঘণ্টায় ৩২০ কিমি বেগে ছুটবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্রকল্পের কাজ পর্যায়ক্রমে সম্পন্ন হবে এবং রুটের সম্পূর্ণ হওয়া অংশগুলিতে প্রথমে ট্রেন চলাচল শুরু করবে। মুম্বই-আহমেদাবাদ করিডোরটি ৫০৮ কিলোমিটার দীর্ঘ হবে এবং এতে মোট ১২টি স্টেশন থাকবে।
উল্লেখযোগ্য স্টেশনগুলির মধ্যে রয়েছে আহমেদাবাদ, সবরমতি, আনন্দ, ভাদোদরা, ভারুচ, সুরাট, বিলিমোরা, ভাপি, বোইসার, থানে এবং মুম্বাই। এই করিডোরে ২৫টি নদী সেতু এবং ভারতের প্রথম আন্ডারসি (সমুদ্রের তলা দিয়ে) রেল টানেলও তৈরি করা হচ্ছে। প্রকল্পটি সম্পন্ন হলে মুম্বই ও আহমেদাবাদের মধ্যেকার যাত্রা সময় দুই ঘণ্টারও কম হয়ে যাবে। বর্তমানে বিইএমএল এই রুটের জন্য প্রথম বুলেট ট্রেনের কোচ নির্মাণ করছে এবং সেগুলি দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে। ২০২৯ সালের মধ্যে এই করিডোরের সমস্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।








