কনফার্ম টিকিট বাতিল, ক্রেতা আদালতের কড়া শাস্তি অনলাইন বুকিং সংস্থা ও বাস অপারেটরকে

কনফার্ম বাস টিকিট বাতিলের জেরে ভোগান্তি, ক্রেতা আদালতের কড়া রায়ে ১০ হাজার টাকা জরিমানা হল অনলাইন বুকিং সংস্থা ও বাস অপারেটরের।

Share:

ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ নির্ধারিত সময়ের মাত্র ১৭ মিনিট আগে বাসের কনফার্ম টিকিট বাতিল হওয়ায় চরম ভোগান্তির শিকার হলেন এক যাত্রী। এই ঘটনায় অনলাইন টিকিট বুকিং সংস্থা এবং বাস অপারেটরকে মোটা অঙ্কের জরিমানা করল ক্রেতা আদালত। হিমাচল প্রদেশের কাংড়া জেলা ক্রেতা আদালত ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেছে।

জানা গিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে জয়ন্ত পাটিয়াল নামে এক ব্যক্তি একটি অনলাইন টিকিট বুকিং সংস্থার মাধ্যমে ৬০০ টাকা দিয়ে একটি বেসরকারি বাসের টিকিট কেটেছিলেন। তাঁর পালমপুর থেকে দিল্লি যাওয়ার কথা ছিল। রাত ১০টা ১৫ মিনিটে বাস ছাড়ার কথা থাকলেও, বোর্ডিং পয়েন্টে পৌঁছে তিনি জানতে পারেন ওই সময়ে কোনও বাস ছাড়বে না। এর মাত্র ১৭ মিনিট পর অর্থাৎ রাত ৯টা ৫৮ মিনিটে তাঁর মোবাইলে টিকিট বাতিলের মেসেজ আসে। এই আকস্মিক ঘটনায় জয়ন্ত বিপাকে পড়েন।

দিল্লি পৌঁছনোর তাড়া থাকায় তিনি বাধ্য হয়ে মধ্যরাতে ৪০ কিলোমিটার দূরের বিমানবন্দরে যান এবং চড়া দামে বিমানের টিকিট কেটে গন্তব্যে পৌঁছন। এরপর আর্থিক ক্ষতি ও হয়রানির অভিযোগ তুলে তিনি ক্রেতা আদালতের দ্বারস্থ হন। শুনানিতে অনলাইন বুকিং সংস্থা নিজেদের কেবল মধ্যস্থতাকারী বলে দাবি করে এবং জানায় যে বাসের সময়সূচির উপর তাদের কোনও নিয়ন্ত্রণ নেই। তারা যাত্রীকে টিকিটের পুরো টাকা ফেরতও দিয়েছিল। তবে বাস অপারেটর আদালতে হাজির হয়নি। ক্রেতা আদালতের সভাপতি হিমাংশু মিশ্র এবং সদস্য আরতি সুদ ও নারায়ণ ঠাকুরের বেঞ্চ অনলাইন বুকিং সংস্থার যুক্তি খারিজ করে দেয়।

আদালত জানায়, টাকা নিয়ে বুকিং কনফার্ম করার পর কোনও অনলাইন প্ল্যাটফর্ম নিজেকে কেবল মধ্যস্থতাকারী বলে দায় এড়াতে পারে না। অস্তিত্বহীন বাসের টিকিট বিক্রি করা এবং যাত্রার মাত্র ১৭ মিনিট আগে তা বাতিল করা গাফিলতির প্রমাণ। আদালত ওই অনলাইন বুকিং সংস্থা এবং বাস অপারেটরকে যৌথভাবে ৫ হাজার টাকা ক্ষতিপূরণ এবং ৫ হাজার টাকা মামলার খরচ বাবদ মোট ১০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। রায় দানের ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা না দিলে বার্ষিক ৯ শতাংশ হারে সুদ দিতে হবে বলেও জানানো হয়েছে।