CBSE-র অন-স্ক্রিন মার্কিং বিতর্ক: শিক্ষামন্ত্রীর আশ্বাস, ‘দায়িত্ব নিচ্ছি, সমাধান হবে’

CBSE-র অন-স্ক্রিন মার্কিং পদ্ধতি নিয়ে বিতর্ক। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলেছেন, 'দায়িত্ব নিচ্ছি, সমাধান হবে'।

Share:

ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ সিবিএসই (CBSE)-র অন-স্ক্রিন মার্কিং (OSM) পদ্ধতি নিয়ে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। NEET প্রশ্ন ফাঁসের ঘটনার পর এবার মূল্যায়ন পদ্ধতি নিয়েও পরীক্ষার্থী ও অভিভাবকদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, স্ক্যান করা উত্তরপত্র ঝাপসা হওয়ায় অনেক উত্তর মূল্যায়িত হয়নি, নম্বর গণনায় ভুল হয়েছে এবং রিভ্যালুয়েশন প্রক্রিয়ায় সার্ভার ও পেমেন্ট গেটওয়ে বিভ্রাটের মতো সমস্যা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলেছেন, ‘আমি দায়িত্ব নিচ্ছি। সমস্যার সমাধান করা হবে। আমরা সকলে সেই কাজেই ব্যস্ত রয়েছি।’ তিনি জানান, প্রায় ১৭ লক্ষ পড়ুয়ার ৯৮ লক্ষ উত্তরপত্র, অর্থাৎ প্রায় ৪০ কোটি স্ক্যান করা পৃষ্ঠা এই নতুন পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে এবং সমস্ত উত্তরপত্র নিরাপদে সংরক্ষিত আছে। প্রথমবারের মতো চালু হওয়া এই OSM পদ্ধতিতে বহু ছাত্রছাত্রী ও অভিভাবক সমস্যার সম্মুখীন হওয়ায় রাজনৈতিক মহলেও বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।

তবে শিক্ষামন্ত্রী বিরোধীদের সমালোচনা করে ছাত্রছাত্রীদের মানসিক চাপ না বাড়ানোর অনুরোধ করেছেন। তিনি জানান, প্রযুক্তিগত সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে এবং রিভ্যালুয়েশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।