ব্যুরো নিউজ, ২০ জুন ২০২৬ঃ উত্তরাখণ্ডের পবিত্র চারধাম যাত্রায় এই বছর পুণ্যার্থীদের রেকর্ড ভিড় হলেও, মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এপ্রিল থেকে শুরু হওয়া যাত্রায় মাত্র তিন মাসের মধ্যে ১৯৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। এর মধ্যে ১৯৫ জনই স্বাস্থ্যজনিত কারণে প্রাণ হারিয়েছেন। মূলত উচ্চতার কারণে অক্সিজেনের অভাব এবং দীর্ঘ পাহাড়ি পথে হাঁটার ফলে হৃদযন্ত্রের সমস্যাই অধিকাংশ মৃত্যুর কারণ বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রশাসন জানিয়েছে, মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৯৫ জন কেদারনাথে, ৫৯ জন বদ্রীনাথে, ২৬ জন যমুনোত্রীতে এবং ১৮ জন গঙ্গোত্রীতে মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে চারধাম যাত্রায় অংশ নেওয়ার আগে পুণ্যার্থীদের সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত হৃদরোগ, শ্বাসকষ্ট বা উচ্চ রক্তচাপের মতো জটিল রোগে আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ ছাড়া যাত্রা না করার আবেদন জানানো হয়েছে। প্রশাসনের এই সতর্কবার্তা সত্ত্বেও, ভক্তির টানে পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন দেবভূমিতে।
চলতি বছরে ১৮ জুন পর্যন্ত ৩৭ লক্ষেরও বেশি পুণ্যার্থী চারধাম দর্শন করেছেন, যা স্থানীয় প্রশাসনের কাছে একটি রেকর্ড। এর মধ্যে কেদারনাথে প্রায় সাড়ে ১২ লক্ষ, বদ্রীনাথে সাড়ে ১১ লক্ষ, গঙ্গোত্রীতে ৬.১৭ লক্ষ এবং যমুনোত্রীতে প্রায় ৬ লক্ষ পুণ্যার্থী ভিড় করেছেন। হেমকুণ্ড সাহিবেও ১ লক্ষের বেশি পুণ্যার্থী গিয়েছেন। প্রতি বছর এপ্রিল-মে মাসে শুরু হয়ে অক্টোবর-নভেম্বর মাস পর্যন্ত এই যাত্রা চলে। প্রচলিত রীতি অনুযায়ী, যমুনোত্রী থেকে শুরু হয়ে গঙ্গোত্রী, কেদারনাথ হয়ে বদ্রীনাথে শেষ হয় এই পবিত্র পরিক্রমা।







