ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ দেশের গণ্ডি পেরিয়ে এবার সুদূর ব্রিটেনের মাটিতে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। লন্ডনের ঐতিহ্যবাহী বার্কবেক বিশ্ববিদ্যালয়ে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ল’ বিষয়ক এক বিশেষ স্মারক বক্তৃতায় বক্তব্য পেশ করার পর প্রশ্নোত্তর পর্বে এই ঘটনা ঘটে। উপস্থিত দর্শকদের একাংশ প্রধান বিচারপতিকে সরাসরি ভারতের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি, ভিন্নমতের ওপর আঘাত এবং তাঁর সাম্প্রতিক ‘ককরোচ’ মন্তব্য নিয়ে একের পর এক অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, আয়োজকদের হস্তক্ষেপ সত্ত্বেও অনুষ্ঠানস্থলে তীব্র বিশৃঙ্খলা ও হট্টগোল তৈরি হয়। গত ৪ জুন এই ঘটনা ঘটে।
প্রধান বিচারপতির মূল ভাষণ নির্বিঘ্নে শেষ হলেও, গোলমালের সূত্রপাত হয় প্রশ্নোত্তর পর্বে। এক শ্রোতা মাইক হাতে নিয়ে প্রধান বিচারপতিকে ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো এবং দেশে ভিন্নমতের প্রতি বাড়তে থাকা প্রশাসনিক বৈরিতা নিয়ে চাঁছাছোলা প্রশ্ন করেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে হল-এর ভেতরের পরিবেশ অত্যন্ত থমথমে ও উত্তপ্ত দেখা যায়। লন্ডনে ভারতের প্রধান বিচারপতির অনুষ্ঠানে এই বিশৃঙ্খলা ও হেনস্থার ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা করেছে ব্রিটেনের ভারতীয় হাই কমিশন।
শুক্রবার এক কড়া বিবৃতিতে হাই কমিশনের তরফে জানানো হয়েছে, কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে উশৃঙ্খল আচরণ করে পুরো অনুষ্ঠানটি ভেস্তে দেওয়ার চেষ্টা করেন, যা অত্যন্ত অনুচিত। উল্লেখ্য, গত ১৫ মে সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন যে, আজকাল কিছু যুবক ‘আরশোলার মতো’ সমাজে ‘পরজীবী’ হয়ে উঠছে। তাঁর এই মন্তব্য ভারতের ইন্টারনেট দুনিয়া ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। পরবর্তীতে তিনি স্পষ্টীকরণ দিয়ে জানান, তাঁর মন্তব্য জাল ডিগ্রিধারী সমাজবিরোধীদের উদ্দেশ্যে ছিল।







