নিট বিতর্কে উত্তাল কলকাতা: ককরোচ জনতা পার্টির মিছিলের অনুমতি নাকচ, কড়া নজর পুলিশের

নিট বিতর্কে কলকাতায় ককরোচ জনতা পার্টির মিছিলের অনুমতি নাকচ করল পুলিশ। ২৪শে জুলাই কলেজস্ট্রিট থেকে রানি রাসমণি পর্যন্ত মিছিলের ডাক CJP-এর, কড়া নজর লালবাজারের।

Share:

ব্যুরো নিউজ, ২৩ জুলাই ২০২৬ : নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কে দেশজুড়ে প্রতিবাদের আঁচ এবার এসে পড়েছে কলকাতাতেও। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-এর তরফে আগামী শুক্রবার, ২৪শে জুলাই, শহরে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। যদিও কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে এই মিছিলের অনুমতি মেলেনি, তবুও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কড়া নজর রাখছে লালবাজার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯শে জুলাই দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি নিজেকে ‘ককরোচ জনতা পার্টি’র সদস্য পরিচয় দিয়ে কলকাতা পুলিশের কাছে একটি ইমেল পাঠান। ওই ইমেলে কলকাতায় মিছিলের অনুমতি চাওয়া হয়। এরপর গত ২১শে জুলাই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) এবং যুগ্ম কমিশনার (অপরাধ দমন)-কে ফের ইমেল করে আগামী ২৪শে জুলাই কলেজস্ট্রিট থেকে রানি রাসমণি পর্যন্ত মিছিলের অনুমতি চাওয়া হয়। এই মিছিলে প্রায় দেড় হাজার মানুষের জমায়েতের কথা জানানো হয়েছে। পরপর দুটি ইমেল পাওয়ার পর নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে, অনুমতি না দেওয়া হলেও, মিছিল হতে পারে ধরে নিয়েই তাঁরা পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত রাখবেন, যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। আবেদনকারী ওই সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই কলকাতার ছাত্র-যুব সমাজকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে দাবি করেছে ককরোচ পার্টি।

উল্লেখ্য, মেডিক্যাল প্রবেশিকায় (নিট) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিজেপি-র ডাকে সংসদ অভিযানকে কেন্দ্র করে সম্প্রতি দিল্লিতে অশান্তি ছড়িয়েছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ একগুচ্ছ দাবিতে শুরু হওয়া সেই আন্দোলনের প্রভাব দ্রুত রাজধানীর বাইরে কর্নাটক, তামিলনাড়ু, কেরল, অসম এবং হরিয়ানাতেও ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কলকাতায় ককরোচ গ্যাংয়ের মিছিল ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।