সরকারি চাকরির লোভে মা-কে খুন, বাবার খুনেও অভিযুক্ত মেয়ে? চাঞ্চল্যকর তথ্য সামনে

সরকারি চাকরির লোভে মা-কে খুনের অভিযোগে গ্রেপ্তার মেয়ে। এবার বাবার রহস্যজনক মৃত্যুতেও তার যোগের চাঞ্চল্যকর অভিযোগ সামনে। পুলিশ তদন্তে।

Share:

ব্যুরো নিউজ, ১১ জুলাই ২০২৬ঃ সরকারি চাকরির লোভে মা নীরজ শর্মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া আয়ুষী শর্মার বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। পুলিশি তদন্তে জানা গিয়েছে, শুধু মা নন, সরকারি চাকরি ও সম্পত্তির লোভে আয়ুষী তাঁর বাবা বিজয় শর্মাকেও খুন করে থাকতে পারেন। মৃত নীরজের ভাই ও অভিযুক্ত আয়ুষীর মামা শঙ্কর শর্মা এই দাবি করেছেন। পুলিশ এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে। গত ৩ জুলাই জয়পুরের প্রতাপ নগরে একটি পথ দুর্ঘটনায় নীরজ শর্মার মৃত্যু হয়। প্রথমে এটিকে দুর্ঘটনা মনে হলেও, তদন্তে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছবি সামনে আসে।

পুলিশ জানায়, মেয়ে আয়ুষী শর্মার সঙ্গে তাঁর মা নীরজের সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। প্রায় এক বছর আগে আয়ুষীর বাবা বিজয় শর্মার মৃত্যু হয়। তিনি সরকারি চাকরি করতেন এবং তাঁর মৃত্যুর পর সেই চাকরিটি পান নীরজ। তদন্তকারীদের অনুমান, সরকারি চাকরি ও সম্পত্তি নিজের দখলে আনতে আয়ুষী মা-কে সরানোর পরিকল্পনা করেন। এই খুনের ঘটনায় আয়ুষীর কাকা মোহন স্বরূপ এবং খুড়তুতো ভাই বলরাম ওরফে রবিরও যোগ রয়েছে বলে অভিযোগ। ৭ লক্ষ টাকার বিনিময়ে হেমন্ত শর্মাকে সুপারি দেওয়া হয় নীরজকে খুন করার জন্য।

আয়ুষীর মামা রাকেশ শর্মার অভিযোগ, বিজয় শর্মা অসুস্থ হলেও আয়ুষীই তাঁর সঠিক চিকিৎসার পথ বন্ধ করে দেন। পরে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর শরীরের ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত ছিল। বাড়িতে এনে তাঁর মৃত্যু হয়। রাকেশের দাবি, বাবার মৃত্যুর পরেই আয়ুষী সরকারি চাকরি ও সম্পত্তি হাতাতে চেয়েছিলেন। পুলিশ বিজয় শর্মার মৃত্যু নিয়েও তদন্ত শুরু করেছে। এই মামলায় আয়ুষী-সহ মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে; বলরাম এখনও পলাতক।