আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে দিল্লিতে বৃক্ষরোপণ ‘মেধা অন্বেষা’র, শিক্ষক মনোজ রায়ের পরিবেশ ভাবনা

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে দিল্লিতে 'মেধা অন্বেষা'র বৃক্ষরোপণ। শিক্ষক মনোজ রায়ের নেতৃত্বে অটল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ফল গাছের চারা রোপণ।

Share:

ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস উপলক্ষে দিল্লিতে ‘বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা’ সংস্থার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো। গত ৩০ জুলাই, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ রায়ের নেতৃত্বে দিল্লির কৌটিল্য মার্গস্থিত ত্রিপুরা ভবন সংলগ্ন অটল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে নিয়ে ১০টি ফলের চারা রোপণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মঞ্জু বনশল, শিক্ষিকা শ্রীমতী ঋতু ত্যাগী এবং শিক্ষক হরেন্দ্র মীনা। ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে অংশ নিয়ে অত্যন্ত আনন্দিত হয়। মনোজ বাবুর ঘনিষ্ঠ বন্ধু পরীক্ষিৎ দে-ও এই কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, শিক্ষক মনোজ রায় ত্রিপুরায় বিদ্যালয়গুলিতে কিচেন গার্ডেন তৈরির পথিকৃৎ। করোনা আবহে শুরু করা তাঁর এই উদ্যোগ রাজ্যের ৩৭৫১টি বিদ্যালয়ে ছোট-বড় কিচেন গার্ডেন তৈরিতে অনুপ্রেরণা জুগিয়েছে। এর জন্য তিনি ত্রিপুরা শিক্ষা দপ্তরের পরামর্শদাতার দায়িত্বও পালন করেছেন। অবসরের পরেও তিনি থেমে থাকেননি। নিজ স্বেচ্ছাসেবী সংস্থা ‘মেধা অন্বেষা’র মাধ্যমে নিজ অর্থ খরচ করে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করে চলেছেন। তাদের গল্প ও কবিতার বই উপহার দেন এবং ফুল, ফল, সবজির চারা বিতরণ করেন। ত্রিপুরার বিদ্যালয় ও মাদ্রাসায় কিচেন গার্ডেন এখন মনোজ রায়ের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। কলকাতার পাঁচটি বিদ্যালয়ে পরামর্শ দেওয়ার পর দিল্লিতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার মনোজ বাবুর দীর্ঘদিনের ইচ্ছা অবশেষে পূরণ হলো।