অস্বাভাবিক জনবিন্যাস রুখতে কেন্দ্রের উচ্চপর্যায়ের কমিটি, ঘোষণা অমিত শাহের

দেশের জনবিন্যাসগত অস্বাভাবিক পরিবর্তন খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা, নেতৃত্বে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি।

Share:

ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার ঘোষণা করেছেন যে, দেশের জনবিন্যাসগত অস্বাভাবিক পরিবর্তন খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে কাজ করবে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক ভারসাম্য বজায় রাখাই এই কমিটির প্রধান লক্ষ্য।

কেন্দ্রের অভিযোগ, বিপুল হারে অনুপ্রবেশের ফলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং দেশের জনবিন্যাসে বদল আসছে। এই বদল রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালের স্বাধীনতা দিবসের ভাষণে এই ‘হাই-লেভেল কমিটি অন ডেমোগ্রাফিক চেঞ্জ’ গঠনের ঘোষণা করেছিলেন। অবশেষে মঙ্গলবার সেই কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হলো। এই কমিটিতে বিচারপতি নাওলেকর ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ভারতের সেন্সাস কমিশনার, অবসরপ্রাপ্ত IAS অফিসার দুর্গাশঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত IPS অফিসার বালাজি শ্রীবাস্তব এবং ড. শামিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি (ফরেনার্স-১) এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

অমিত শাহ জানিয়েছেন, অবৈধ অভিবাসনের ফলে দেশের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের জনসংখ্যার যে অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে, তার ধরন গভীর ভাবে বিশ্লেষণ করবে এই কমিটি। নির্দিষ্ট সময়ের মধ্যে এই সমস্যার একটি পরিকল্পিত সমাধান কেন্দ্রের কাছে পেশ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, জনবিন্যাসের এই পরিবর্তন রোখা দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা এবং উপজাতি সমাজ রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।