প্রধানমন্ত্রীর বাসভবনে দিলীপ-রিঙ্কু, মোদীকে আম-সন্দেশ উপহার! পঞ্চায়েত দপ্তরের কাজ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

দিল্লি সফরে মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। স্ত্রী রিঙ্কু সহ মোদীকে আম-সন্দেশ উপহার। পঞ্চায়েত দপ্তরের ১১ হাজার শূন্যপদ ও উন্নয়ন নিয়ে আলোচনা।

Share:

ব্যুরো নিউজ, ১লা জুলাই ২০২৬ঃ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর বাসভবনে এই সাক্ষাতের সময় তাঁর স্ত্রী রিঙ্কু ঘোষও উপস্থিত ছিলেন। তাঁরা প্রধানমন্ত্রীকে আম ও সন্দেশ উপহার দেন। বৈঠকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজ আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীকে জানান, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে বর্তমানে প্রায় ১১ হাজার পদ শূন্য রয়েছে। এই বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ এবং প্রশাসনিক কাজকে আরও দক্ষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের গুজরাটে প্রশাসনিক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে ধরে দিলীপ ঘোষকে একটি বিশেষজ্ঞ দল গঠনের পরামর্শ দেন। সফল রাজ্যগুলিতে বিশেষজ্ঞ দল পাঠিয়ে তাদের কাজ পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করলে পশ্চিমবঙ্গেও সেই অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব হবে বলে তিনি জানান। দিলীপ ঘোষকেও ব্যক্তিগতভাবে বিভিন্ন রাজ্যে গিয়ে উন্নয়নমূলক প্রকল্পের কাজ সরেজমিনে দেখে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ।

অর্থমন্ত্রী জানান, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাতে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গকে ৫১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এই খাতে বরাদ্দের নিরিখে দেশের মধ্যে উত্তরপ্রদেশের পরেই পশ্চিমবঙ্গের স্থান রয়েছে। অর্থমন্ত্রী আশ্বাস দেন, অর্থের অভাবে উন্নয়নমূলক কাজ যাতে কোনওভাবেই আটকে না থাকে, সে বিষয়ে কেন্দ্র সহযোগিতা করবে। এদিন দিলীপ ঘোষ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। মন্ত্রী হওয়ার পর দিলীপ ঘোষের এই প্রথম দিল্লি সফরকে রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।