ব্যুরো নিউজ, ২৭ জুন ২০২৬ঃ তামিলনাড়ুর রাজনীতিতে বড়সড় ধাক্কা খেল এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে অপ্রত্যাশিত বিপর্যয়ের পর এবার একের পর এক জোটসঙ্গী হারানোর পালা। ৯ বছর পর ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (এসপিএ) ছাড়ার ঘোষণা করল তামিল রাজনীতির পরিচিত মুখ ভাইকোর দল এমডিএমকে। এই সিদ্ধান্তে তামিল রাজনীতিতে আরও কোণঠাসা হয়ে পড়লেন স্ট্যালিন।
এমডিএমকে প্রধান ভাইকো জানিয়েছেন, এবারের বিধানসভা নির্বাচনে তাঁদের দল যথেষ্ট সম্মান পায়নি। জোটের বড় শরিক হওয়া সত্ত্বেও মাত্র চারটি আসনে লড়ার সুযোগ দেওয়া হয়েছিল, তাও নিজেদের প্রতীক ‘এমডিএমকে’ ব্যবহার করতে দেওয়া হয়নি। ডিএমকে-র ‘সূর্য’ প্রতীক নিয়ে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। ভাইকোর অভিযোগ, এর ফলে তাঁদের নিজস্বতা ও পরিচিতির সঙ্গে আপস করতে হয়েছে। এই অপমানজনক পরিস্থিতি মেনে নিতে না পেরেই জোট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাইকোর এই পদক্ষেপ ডিএমকে-র জন্য এক বড়সড় ধাক্কা। কংগ্রেস ইতিমধ্যেই ডিএমকে-র সঙ্গ ছেড়েছে।
এবার ভাইকোর মতো একজন প্রভাবশালী নেতা ও তাঁর দল সরে যাওয়ায় স্ট্যালিনের রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হল। এই পরিস্থিতিতে বিজেপির তরফে স্ট্যালিনের কাছে বার্তা পাঠানো হচ্ছে বলে খবর। আসন পুনর্বিন্যাস-সহ বিভিন্ন সংবিধান সংশোধনী আইনগুলিতে ডিএমকে যদি এনডিএ-কে সমর্থন করে, তাহলে বিজেপির কাজ অনেকটাই সহজ হবে। রাজনৈতিক মহলের ধারণা, বিধানসভা নির্বাচনের ধাক্কা এবং জোটসঙ্গী হারানোর পর কোণঠাসা স্ট্যালিন এবার বিজেপির দিকে ঝুঁকতে পারেন। তামিলনাড়ুর রাজনীতিতে এই নতুন সমীকরণ কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।








