DRDO-র ভয়ঙ্কর মিসাইলের সফল পরীক্ষা, ধূলিসাৎ হবে যুদ্ধবিমান থেকে ট্যাংক

DRDO-র নতুন মিসাইলের সফল পরীক্ষা। এই ভয়ঙ্কর অস্ত্র যুদ্ধবিমান, ট্যাংক ও ড্রোন ধূলিসাৎ করতে সক্ষম। ভারতের সামরিক শক্তিতে নতুন মাত্রা যোগ হল।

Share:

ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ দেশের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (DRDO) আরও এক গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফল হল। অন্ধ্রপ্রদেশের কুর্নুলের কাছে আনম্যানড এরিয়াল ভেহিকেল লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইল 3 (UAV-LPGM-3)-এর চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার এই সফল পরীক্ষার ঘোষণা করা হয়। এই মিসাইল আকাশ থেকে মাটিতে থাকা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম।

এমনকি, আকাশ থেকে আকাশে থাকা লক্ষ্যবস্তুকেও গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এটি। পরীক্ষা চলাকালীন এর দাপুটে কার্যকারিতা স্পষ্ট দেখা গেছে। এই নতুন মিসাইলটি মূলত ড্রোন থেকে নিক্ষেপ করা যাবে এবং এর প্রধান লক্ষ্যবস্তু হবে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ট্যাংক ও ড্রোন। সহজ ভাষায় বলতে গেলে, যুদ্ধবিমান থেকে শুরু করে ট্যাংক পর্যন্ত সবকিছুই ধূলিসাৎ করার ক্ষমতা রাখে DRDO-র এই নতুন অস্ত্র।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে ভারতের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এই ভয়ঙ্কর অস্ত্র। এটি শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অনায়াসে ভেদ করতে পারবে এবং দেশের সুরক্ষায় এক রক্ষাকর্তা হয়ে উঠতে চলেছে। হায়দরাবাদের ভারত ডায়নামিকস লিমিটেড এবং আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় DRDO এই মিসাইল তৈরি করেছে। বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা নিউস্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস এর ট্রায়াল পর্বের জন্য ড্রোন সিস্টেমে মিসাইল সংযুক্ত করার কাজ করেছে।

এছাড়াও, হায়দরাবাদের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট ল্যাবরেটরী, চন্ডিগড়ের টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি এবং পুনের হাই এনার্জি মেটেরিয়ালস ল্যাবরেটরি সহ একাধিক সংস্থা এই প্রকল্পে যুক্ত ছিল। এই দুর্ধর্ষ মিসাইলের সফল পরীক্ষা ভারতীয় সেনাবাহিনীর সামরিক শক্তিতে এক নতুন মাত্রা যোগ করল, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে।