শিক্ষামন্ত্রকের দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিট বিতর্কের মাঝেই পুড়ে ছাই নথিপত্র

দিল্লির শিক্ষামন্ত্রকের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিট বিতর্কের মধ্যেই নথিপত্র পুড়ে ছাই। হতাহতের খবর নেই, তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ঃ নিট  প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক সেই সময়েই দিল্লিতে শিক্ষামন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল। সোমবার সকালে দিল্লির আইটিও (ITO) এলাকায় স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার (School of Planning and Architecture) ভবনের দোতলায় আগুন লাগে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল থেকেই দোতলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। দমকল বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, সকাল ৯টা ৩৭ নাগাদ আগুন লাগার খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছন। দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ফলে প্রচুর গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। দপ্তরে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দমকল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।