ব্যুরো নিউজ, ১লা জুলাই ২০২৬ঃ ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে, যার জেরে মহাদেশের বিভিন্ন দেশে তাপমাত্রা নতুন নতুন রেকর্ড গড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, গত ২১ জুন থেকে শুরু হওয়া এই রেকর্ড গরমে ইতিমধ্যেই ১,৩০০-রও বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ব্রিটেন-সহ একাধিক দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে ইতিহাস গড়েছে। প্রচণ্ড গরমে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ইউরোপের মানুষের চরম দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে। জার্মানি থেকে আসা ছবিতে গলে যাওয়া রাস্তা এবং উত্তাপে বেঁকে যাওয়া ট্রাম লাইনের দৃশ্য দেখা গেছে। নেদারল্যান্ডসে গাড়ির প্লাস্টিক পেইন্ট গলে যাওয়া এবং রোদে শপিং কার্ট ও জুতো গলে যাওয়ার দৃশ্যও ভাইরাল হয়েছে। বার্লিনে পুলিশকে ওয়াটার ক্যানন দিয়ে জল ছিটাতে দেখা গেছে সাধারণ মানুষকে স্বস্তি দিতে। WHO-র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে এমন তাপপ্রবাহ এখন প্রায় প্রতি বছরই দেখা দিচ্ছে।
তিনি ‘হিট স্ট্রেস’কে ‘নীরব ঘাতক’ আখ্যা দিয়ে বলেন, ইউরোপের অধিকাংশ বাড়ি, কর্মক্ষেত্র ও স্কুল এত বেশি তাপমাত্রার জন্য তৈরি নয়। কোটি কোটি মানুষ চরম গরমের মধ্যে বসবাস করছেন, অনেক স্কুল বন্ধ রাখতে হয়েছে এবং বিদ্যুৎ পরিকাঠামোর উপরও চাপ বাড়ছে। পশ্চিম ইউরোপে শুরু হওয়া এই তীব্র গরম পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং জার্মানিতেও নতুন রেকর্ড তৈরি করেছে, যেখানে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।








