ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর ২০২৬: ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (FSSAI) খাদ্য সুরক্ষাবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগে তিন নামী সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এই খবর জানিয়েছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি। অভিযুক্ত সংস্থাগুলি হল প্রিয়া গোল্ড, দোদলা ডেয়ারি এবং ইউইআইআর অর্গানিক ফুডস। জনস্বাস্থ্যের প্রতি চরম উদাসীনতার জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
FSSAI-এর পরিদর্শনে প্রিয়া গোল্ড বিস্কুটে ফাইবারের উৎস হিসেবে গবাদি পশুর খাদ্যের ভুসি ব্যবহারের প্রমাণ মিলেছে। এমনকি, যে বস্তায় ভুসি রাখা ছিল, তাতে স্পষ্ট লেখা ছিল ‘গবাদি পশুর খাদ্য’। এছাড়াও, বিস্কুট তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, ত্রুটিপূর্ণ কীট নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কর্মীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব লক্ষ্য করা গেছে। এই গুরুতর লঙ্ঘনের জন্য প্রিয়া গোল্ড বিস্কুটের নির্মাতা সূর্য ফুড অ্যান্ড অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
অন্যদিকে, দোদলা ডেয়ারির দুধে ডিটারজেন্ট ও কস্টিক সোডার মতো ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। ইউইআইআর অর্গানিক ফুডস-এর বিক্রি করা হলুদ কিশমিশেও মিলেছে কীটনাশকের অবশিষ্টাংশ।
বিভিন্ন পরিদর্শন ও ল্যাবরেটরি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই সংস্থাগুলির পণ্যগুলির নিরাপত্তা ও গুণমান নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পরেই FSSAI এই কঠোর পদক্ষেপ নিয়েছে। খাদ্য সুরক্ষায় আপস না করার বার্তা দিয়েছে ভারতের খাদ্য নিয়ামক সংস্থাটি।









