৪৮ ঘণ্টার হেফাজত ঘিরে বড় বার্তা সুপ্রিম কোর্টের, সরকারি কর্মীদের জন্য কী নিয়ম?

সরকারি কর্মীর ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলেই তিনি সাময়িক বরখাস্ত, নির্দেশ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে নিয়োগ নিয়েও প্রশ্ন তুলল আদালত।

Share:

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: সরকারি চাকরিজীবীদের বরখাস্ত নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জারি করল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, কোনও সরকারি কর্মীকে গ্রেফতারের পর যদি তাঁকে ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়, তবে তাঁকে সাময়িক বরখাস্ত বলে গণ্য করা হবে। এর জন্য কর্তৃপক্ষের আলাদা করে কোনও সাসপেনশন নির্দেশ জারির প্রয়োজন নেই। এই নিয়মটি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সম্প্রতি বিহারের এক সরকারি হাসপাতালের এক আধিকারিকের জামিন সংক্রান্ত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করে বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ। ওই আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। তিনি এক ব্যক্তির ৩৬ হাজার টাকার বিল মঞ্জুর করার জন্য ৪ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয় এবং প্রায় ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল। আদালত আরও বিস্ময় প্রকাশ করে যে, অভিযুক্ত ওই আধিকারিককে জামিনে মুক্তি দেওয়ার পর ফের আগের হাসপাতালেই একই পদে নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকারের আইনজীবীর তরফে জানানো হয়, প্রথমে তাঁকে সাসপেন্ড করা হলেও পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

এই বিষয়টি দ্রুত খতিয়ে দেখার জন্য বিহার সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জামিনের বিষয়ে শীর্ষ আদালত আরও জানায়, এ ধরনের মামলায় অভিযুক্তের বিরুদ্ধে অপরাধের প্রমাণ হলে সম্ভাব্য সাজার পরিমাণ বিবেচনা করে জামিন দেওয়া উচিত। তবে অভিযুক্তের পূর্বের অপরাধের রেকর্ড বা মামলার গুরুত্ব বেশি হলে জামিন নাকচ করা যেতে পারে। শুধুমাত্র ঘুষের টাকার অঙ্ক জামিনের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মাপকাঠি হতে পারে না।