ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ মণিপুরে জঙ্গিদের গুলিতে হুগলির এক ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম নীতীশ দাস (৬৩)। শুক্রবার মণিপুরের উখরুল জেলায় এই ঘটনা ঘটে। হুগলির ত্রিবেনীর বাসিন্দা নীতীশবাবু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর মৃত্যুতে পরিবার এখন গভীর সংকটে।
জানা গিয়েছে, নীতীশ দাসের স্ত্রী গত বছর মারা গিয়েছেন। তাঁর এক মেয়ে এবং অগ্ন্যাশয়ের রোগে আক্রান্ত এক ছেলে রয়েছে। নীতীশবাবু মণিপুর ও অসমে লরি চালাতেন। তাঁর উপার্জনেই ছেলের চিকিৎসা ও সংসারের খরচ চলত। তিনি নিয়মিত পরিবারের খোঁজ নিতেন। গত ছয় মাস আগে বাড়িতে এসেছিলেন, শীঘ্রই ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই এল এই দুঃসংবাদ।
পুলিশ সূত্রে খবর, বিএসএফ, সিআরপিএফ ও পুলিশ-সহ নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল প্রায় ১৫ থেকে ২০টি ট্রাককে উখরুল জেলার দিকে নিয়ে যাচ্ছিল। টিএম কাসোমের কাছে সন্দেহভাজন জঙ্গিরা অতর্কিতে গুলি চালালে নীতীশ দাসের মৃত্যু হয়। অন্যান্য ট্রাক চালকরাই বাড়িতে খবর দেন।
এই ঘটনায় মণিপুরের মুখ্যমন্ত্রী যুমনাম খেমচাঁদ সিং তীব্র নিন্দা জানিয়েছেন, এটিকে কাপুরুষোচিত কাজ আখ্যা দেন তিনি। নীতীশ দাসের পরিবার এখন সরকারের সাহায্যের দিকে তাকিয়ে। ছেলের চিকিৎসা ও সংসার কীভাবে চলবে, তা নিয়ে দিশেহারা তারা।








