ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি পণ্যবাহী জাহাজে ইরানের বাহিনীর হামলায় এক ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাহাজে থাকা ১১ জন ভারতীয়র মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এক জন এখনও নিখোঁজ। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
সূত্রের খবর, ‘জিএফএস গ্যালাক্সি’ নামের ওই পণ্যবাহী জাহাজে ইরানের হামলায় আগুন ধরে যায় এবং কর্মীরা প্রাণভয়ে জাহাজ ছাড়তে বাধ্য হন। ওমানের ভারতীয় দূতাবাস নিখোঁজ নাবিকের সন্ধানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে এবং উদ্ধার অভিযান ত্বরান্বিত করার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক জলসীমায় অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের স্বাধীনতা ফেরানোর দাবি জানিয়েছে ভারত। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, ইরানের দাবি, ছাড়পত্র ছাড়া হরমুজ পেরোনোর চেষ্টা করছিল জাহাজটি, তাই এই পদক্ষেপ। এই ঘটনার পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা করলে আমেরিকাও পাল্টা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে হামলা চালায়। এর জেরে পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক শান্তি ও বাণিজ্যের জন্য বড় চ্যালেঞ্জ। নয়াদিল্লি এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সকল পক্ষকে সংযত থাকার বার্তা দিয়েছে।








