ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ ভারতীয় বায়ুসেনার একটি সরকারি নথি ফের প্রমাণ করে দিল পাকিস্তানের মিথ্যাচার। ‘অপারেশন সিঁদুর’-এর সময় একাধিক রাফালে যুদ্ধবিমান ধ্বংস করার যে দাবি ইসলামাবাদ বারবার করে এসেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। সম্প্রতি বায়ুসেনা সদর দপ্তর থেকে প্রকাশিত এক প্রস্তাব আহ্বানের বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে পরিষেবায় থাকা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের সব ক’টির জন্য ‘ব্রিজ সাপোর্ট’ বা অন্তর্বর্তীকালীন সহায়তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
এই দরপত্র আহ্বান স্পষ্ট করে দিচ্ছে যে, একটিও রাফালে যুদ্ধবিমান ধ্বংস করতে পারেনি পাকিস্তান। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জুন মাসে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ভারতের হাতে থাকা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের জন্য পাঁচ মাস মেয়াদি একটি ‘ব্রিজ সাপোর্ট প্যাকেজ’ চাওয়া হয়েছে। ২০১৬ সালে ফ্রান্স থেকে এই সংখ্যক রাফালেই কেনা হয়েছিল। এই প্যাকেজটি বিমানের রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করবে, যা প্রমাণ করে যে সমস্ত বিমানই সক্রিয় পরিষেবায় রয়েছে।
গত বছরের শেষে পাকিস্তানের জিও টিভির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ফরাসি কমান্ডার জাকিস লাউনে ‘অপারেশন সিঁদুর’-এর সময় আকাশে পাকিস্তানের দাপট এবং তাদের বায়ুসেনার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করেছেন। তিনি নাকি আরও বলেছিলেন যে, পাকিস্তানি বায়ুসেনা অনেক বেশি প্রস্তুত ছিল। তবে ফরাসি সেনা দ্রুত এই খবরকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দেয়। এমনকি, ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন রাফালে যুদ্ধবিমান নিয়ে চিনও ভুয়ো প্রচার চালিয়েছিল। এই নতুন নথি আবারও প্রমাণ করল, পাকিস্তানের সমস্ত দাবিই মিথ্যে এবং তারা একটিও রাফালে ধ্বংস করতে পারেনি, যা তাদের আন্তর্জাতিক মহলে আবারও মুখ পুড়িয়ে দিল।







