২৬ বছর বয়সেই ৭৭ কোটি আয়, AI প্ল্যাটফর্ম তৈরি করে তাক লাগালেন IIT স্নাতক

আইআইটি কানপুরের প্রাক্তন ছাত্র সিদ্ধার্থ সাক্সেনা AI প্ল্যাটফর্ম Merlin AI তৈরি করে একদিনে ৭৭ কোটি টাকা আয় করেছেন। তাঁর এই সাফল্য তরুণদের অনুপ্রেরণা জোগাচ্ছে।

Share:

ব্যুরো নিউজ, ২১ জুলাই ২০২৬ : ২৬ বছর বয়সী এক ভারতীয় যুবকের অভাবনীয় সাফল্য এখন প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আইআইটি কানপুরের প্রাক্তন ছাত্র সিদ্ধার্থ সাক্সেনা দাবি করেছেন, তিনি তাঁর এআই ভিত্তিক স্টার্টআপ ‘Merlin AI’-এর মাধ্যমে মাত্র একদিনেই ৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৭ কোটি টাকা, আয় করেছেন। তাঁর এই বক্তব্য সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে এবং অনেকেই তাঁর এই সাফল্যের রহস্য জানতে আগ্রহী।

সিদ্ধার্থ সাক্সেনা আইআইটি কানপুর থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক সম্পন্ন করেছেন। পড়াশোনা শেষে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং নিয়ে বিভিন্ন প্রযুক্তি সংস্থায় কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। এরপর তিনি নিজস্ব উদ্যোগে এআই ভিত্তিক স্টার্টআপ গড়ে তোলার সিদ্ধান্ত নেন। ২০০২ সালে তিনি তাঁর দুই সহপাঠী প্রত্যুষা রায় এবং শীর্ষেন্দু সরকারের সঙ্গে ‘Merlin AI’ নামে এই স্টার্টআপটি শুরু করেন। ‘Merlin AI’ মূলত একটি গুগল ক্রোম এক্সটেনশন, যা ব্যবহারকারীদের বিভিন্ন এআই ভিত্তিক কাজ যেমন ইমেল লেখা, ওয়েবপেজের সারাংশ তৈরি করা, কন্টেন্ট তৈরি করা এবং তথ্য বিশ্লেষণে সাহায্য করে। এর বিশেষত্ব হলো, এটি ব্রাউজারের মাধ্যমে সরাসরি পরিষেবা প্রদান করে, যার জন্য আলাদা করে অন্য কোনও এআই ওয়েবসাইটে যেতে হয় না, যা এর জনপ্রিয়তার অন্যতম কারণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ তাঁর জীবনের সর্বোচ্চ একদিনের আয়ের কথা জানান।

তবে এই বিপুল অর্থ তিনি কোনও নির্দিষ্ট চুক্তি, বিনিয়োগ নাকি অন্য কোনও ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে অর্জন করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। এর ফলে তাঁর দাবি ঘিরে কৌতূহল আরও বেড়েছে। প্রতিষ্ঠার পর থেকেই ‘Merlin AI’ দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে এবং বর্তমানে এর আনুমানিক বাজার মূল্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সিদ্ধার্থ তরুণদের প্রচলিত চিন্তার বাইরে এসে বড় লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার এবং ঝুঁকি নেওয়ার পরামর্শ দিয়েছেন।