ব্যুরো নিউজ, ৫ অক্টোবর ২০২৬ঃ বিশ্বজুড়ে সামরিক সম্পর্ক আরও মজবুত করতে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে নয়াদিল্লি। আগামী পাঁচ বছরে বিশ্বের আরও ২০টি দেশে ভারতীয় দূতাবাসে ‘ডিফেন্স উইং’ বা প্রতিরক্ষা শাখা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ৫২টি দেশে ভারতীয় দূতাবাসে প্রতিরক্ষা শাখা সক্রিয় রয়েছে, যেখানে প্রতিরক্ষা অ্যাটাশে ও উপদেষ্টারা কাজ করেন। এই নতুন সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রভাব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এর অন্যতম লক্ষ্য রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যপদ লাভের পথে অগ্রগতি এবং বিশ্বব্যাপী ভারতের প্রতি সমর্থন বৃদ্ধি।
সরকারি নথি অনুযায়ী, এই সম্প্রসারণ দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে পোল্যান্ড, আলজেরিয়া, ইথিওপিয়া এবং মোজাম্বিক-সহ মোট ১০টি দেশে প্রতিরক্ষা শাখা স্থাপন করা হবে। এই দেশগুলিতে নিয়োগ করা হবে অভিজ্ঞ ডিফেন্স অ্যাটাশে এবং প্রতিরক্ষা উপদেষ্টাদের। এরপর দ্বিতীয় ধাপে মরক্কো, মেক্সিকো, কম্বোডিয়া এবং রুয়ান্ডার মতো আরও ১০টি দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এই দেশগুলি মূলত আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকা মহাদেশের অন্তর্গত, যা ভারতের বৈদেশিক নীতির ভৌগোলিক প্রসারকে নির্দেশ করে। যেসব দেশ ভারত থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে আগ্রহী কিন্তু বর্তমানে সেখানে কোনও ভারতীয় প্রতিরক্ষা অ্যাটাশে নিযুক্ত নেই, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই নতুন শাখা স্থাপনের ক্ষেত্রে।
এই পদক্ষেপের মাধ্যমে ভারত কেবল তার সামরিক সম্পর্কই মজবুত করবে না, বরং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বও বৃদ্ধি পাবে। এর ফলে ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য নতুন বাজার তৈরি হবে, প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির সুযোগ বাড়বে এবং দেশের সামগ্রিক নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। এই উদ্যোগ ভারতের সামরিক কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে।








