ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ : আধুনিক রোবটিক্স শিল্পে চিনের সঙ্গে প্রতিযোগিতায় নামার জন্য ভারত বড় প্রস্তুতি নিচ্ছে। এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড সমর্থিত ভারতীয় স্টার্টআপ সংস্থা অ্যাডভার্ব টেকনোলজিস লিমিটেড। এই দেশীয় সংস্থাটি রোবট নির্মাণ খাতে ১০০ মিলিয়ন ডলারের মূলধন সংগ্রহের চেষ্টা করছে, যা তাদের প্রযুক্তিগত অগ্রগতি এবং সম্প্রসারণের জন্য অত্যন্ত জরুরি।
অ্যাডভার্ব টেকনোলজিসের সিইও সঙ্গীত কুমার জানিয়েছেন, তাদের সংস্থা নতুন প্রযুক্তি খাতে বিনিয়োগ করছে, বিশেষত হিউম্যানয়েড রোবট তৈরিতে। বর্তমানে আমেরিকা, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়ার মতো দেশে তাদের ব্যবসা প্রসারিত হলেও, এবার তাদের লক্ষ্য বিশ্ব বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করা। আগামী কয়েক বছরের মধ্যেই সংস্থাটি শেয়ার বাজারে নথিভুক্ত হওয়ার পরিকল্পনাও করছে। বর্তমানে চিন, জাপান এবং আমেরিকার মতো উন্নত দেশগুলির সংস্থাগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় সংস্থাটি কিছুটা পিছিয়ে থাকলেও, সঙ্গীত কুমার আশা প্রকাশ করেছেন যে, দ্রুত বর্ধনশীল এই শিল্পে ভারতের একটি বড় জায়গা রয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সমর্থন পাওয়ার পর অ্যাডভার্ব ইতিমধ্যেই বেশ কয়েকটি ভারতীয় সংস্থাকে গ্রাহক হিসেবে যুক্ত করেছে। সিইও কুমার জানান, আগামী পাঁচ বছরের মধ্যে তারা বিশ্বের শীর্ষ ১০টি রোবটিক্স সংস্থার মধ্যে এবং পরবর্তী ১০ বছরের মধ্যে শীর্ষ ৫টি সংস্থার মধ্যে থাকতে চান। বর্তমানে তারা বিশ্বের শীর্ষ ৩০টি সংস্থার মধ্যে রয়েছে।
২০২১ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অ্যাডভার্ব টেকনোলজিসে ১৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ করে এর নিয়ন্ত্রণকারী অংশীদারিত্ব অর্জন করেছিল। সংস্থাটি হিউম্যানয়েড ও চতুষ্পদী রোবট পণ্য তৈরি করে ডেটা সংগ্রহ ও উন্নত মেশিন লার্নিংয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা গড়ে তুলতে ব্যবহার করবে। এর মাধ্যমে আগামী দিনে রোবট তৈরির ক্ষেত্রে চিনা সংস্থাগুলিকে টেক্কা দেওয়ার স্বপ্ন দেখছে এই ভারতীয় সংস্থা।








