ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ ভারতে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া সফরকালে সে দেশের ১৬ বছর বা তার কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে ‘শিক্ষণীয় অভিজ্ঞতা’ বলে উল্লেখ করেন। তাঁর এই মন্তব্যের পরই বিশেষজ্ঞরা মনে করছেন, এবার হয়তো ভারতেই এই ধরনের নিয়ম চালু হতে পারে। অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার সহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে।
২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে কার্যকর হওয়া এই আইন ব্যবহারকারীর বয়স কঠোরভাবে যাচাই করার ব্যবস্থা রেখেছে। প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে বলেন, তথ্য প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে রক্ষা করার জন্য অস্ট্রেলিয়া গোটা বিশ্বকে অনুপ্রাণিত করছে। কেন্দ্রীয় সরকার অবশ্য বেশ কিছুদিন ধরেই শিশুদের জন্য বয়সভিত্তিক কিছু বিধিনিষেধ আরোপের বিষয়ে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে।
অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক সহ ভারতের কিছু রাজ্যে ইতিমধ্যেই এই ধরনের নিয়ম চালু হয়েছে বলেও খবর। অস্ট্রেলিয়ার পাশাপাশি ব্রিটেন, কানাডা, ব্রাজিল, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোও শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পথে হাঁটছে। যদিও এখনও পর্যন্ত ভারতে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে, শিশুদের শিক্ষা ও ডিজিটাল বিকাশের অগ্রগতিকে মাথায় রেখে সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারে।








