ব্যুরো নিউজ, ১৪ জুন ২০২৬ : ভারতীয় সেনাবাহিনীর পোশাকে এল আমূল পরিবর্তন, ব্রিটিশ আমলের ঔপনিবেশিক ঐতিহ্যকে বিদায়। ‘আর্মি ইউনিফর্মস-২০২৬’ নামের নতুন ম্যানুয়াল প্রকাশ করেছে সেনা কর্তৃপক্ষ, যেখানে পোশাক ও জওয়ানদের সাজগোজ সংক্রান্ত একাধিক নতুন নিয়ম জারি করা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, ফর্মাল অনুষ্ঠানে সেনা জওয়ানরা গলা বন্ধ কোট বা জ্যাকেট পরতে পারবেন। প্যারেডের সময় অফিসারদের সঙ্গে তলোয়ার রাখার নিয়মটি ঐচ্ছিক করা হয়েছে এবং আনুষ্ঠানিক পাউচ বেল্টের ব্যবহার তুলে দেওয়া হয়েছে, যদিও কিছু বিশেষ বিভাগের কর্নেলরা এটি ব্যবহার করতে পারবেন। মহিলা অফিসারদের জন্য মার্জিত রঙের শাড়ি অথবা কুর্তা-সালোয়ার ও দোপাট্টা পরার নির্দেশ দেওয়া হয়েছে; স্লিভলেস কুর্তা বা পালাজ়ো নিষিদ্ধ। পোশাকের পাশাপাশি সেনা কর্মীদের সাজগোজ ও চেহারার উপর কঠোর নিয়ম জারি হয়েছে। ইউনিফর্ম পরা অবস্থায় ট্যাটু বা গয়না পরা সম্পূর্ণ নিষিদ্ধ।
শিখ ধর্মাবলম্বী ছাড়া বাকিদের ক্ষেত্রে ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই। পুরুষ কর্মীদের গোঁফের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটারের বেশি হবে না। মহিলা সেনা কর্মীদের ক্ষেত্রে লিপস্টিক, নেলপলিশ, টিপ বা নাকছাবি নিষিদ্ধ, তবে সিঁদুর পরা যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই সশস্ত্র বাহিনীকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এই পরিবর্তন আনা হয়েছে।








