ভারতীয় সেনার হাতে আসছে অত্যাধুনিক ‘স্মার্ট মাইন হান্টার’, ২৯০ কোটির বড় টেন্ডার প্রতিরক্ষা মন্ত্রকের

ভারতীয় সেনা পেতে চলেছে অত্যাধুনিক 'স্মার্ট মাইন হান্টার'। ২৯০ কোটি টাকার টেন্ডার জারি, যা নন-মেটালিক বিস্ফোরক শনাক্ত করতে সক্ষম।

Share:

ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ দেশের সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। এবার তারা পেতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ‘স্মার্ট মাইন হান্টার’। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সেনাবাহিনীর জন্য ৩৮৬টি নিউ জেনারেশনের ডুয়াল টেকনোলজি মাইন ডিটেক্টর কেনার জন্য প্রায় ২৯০ কোটি টাকার একটি বিশাল টেন্ডার জারি করা হয়েছে।

এই নতুন প্রযুক্তি কেবল ধাতব বস্তুই নয়, প্লাস্টিক, কাঠ বা সিরামিক দিয়ে তৈরি লুকানো বিস্ফোরকও সহজেই শনাক্ত করতে পারবে। বর্তমানে ভারতীয় সেনার কাছে থাকা মেটাল ডিটেক্টরগুলি নন-মেটালিক IEDs শনাক্ত করতে সীমিতভাবে সক্ষম। কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলির পরিবর্তিত রণকৌশলের কথা মাথায় রেখে এই অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন অনুভূত হচ্ছে। নতুন এই ডুয়াল টেকনোলজি সিস্টেমে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার (GPR) এবং ইনফ্রারেড (IR) প্রযুক্তির সঙ্গে ইলেক্ট্রোম্যাগনেটিক মেটাল ডিটেকশন প্রযুক্তি যুক্ত থাকবে। ফলে এটি বরফ, মরুভূমি, জলাভূমি বা পার্বত্য অঞ্চল সহ সব ধরনের ভূখণ্ডে কার্যকর হবে।

প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, এই ডিভাইসটি ৬ সেন্টিমিটার আকারের ছোট বস্তু এবং ৪ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত বিস্ফোরক শনাক্ত করতে সক্ষম হবে। এটি প্রায় ১২ সেন্টিমিটার গভীরতা পর্যন্তও কার্যকর হবে। -১০° থেকে +৪২° সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে সক্ষম এই মাইন হান্টারগুলি সেনাদের জন্য বহন করাও সহজ হবে। অর্ডার প্রাপ্তির ৫৪০ দিনের মধ্যে এই ইউনিটগুলি সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপ ভারতীয় সেনাবাহিনীর কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলির সক্ষমতা বাড়াবে এবং রুট ক্লিয়ারেন্স অপারেশনে সুরক্ষা নিশ্চিত করবে।