রেল মন্ত্রকের আশঙ্কা: হাওড়া থেকে কোটা, ট্রেনে আগুন লাগানোর পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র!

রেল মন্ত্রকের আশঙ্কা, হাওড়া থেকে কোটা পর্যন্ত ট্রেনে আগুন লাগানোর পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। যাত্রীদের আতঙ্কিত করতেই এই ঘটনা ঘটানো হচ্ছে।

Share:

ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ দেশের একাধিক প্রান্তে ট্রেনে আগুন লাগার ঘটনায় বড়সড় নাশকতার ছক সামনে আনল রেল মন্ত্রক। বুধবার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে সমাজবিরোধী শক্তির যোগ এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য স্পষ্ট। হাওড়ায় মিথিলা এক্সপ্রেসে পেট্রল মাখানো আধপোড়া কাপড় উদ্ধারের পর রহস্য ঘনীভূত হয়েছে। সম্প্রতি অমরপুরা, কোটা, সাসারাম এবং হাওড়ায় ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

১৭ মে তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসেও চলন্ত ট্রেনে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ ওঠে। মধ্যপ্রদেশের রতলামের কাছে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। মঙ্গলবার হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেসে আগুন লাগার পর শৌচাগার থেকে পেট্রল মাখানো কাপড় উদ্ধার হয়। রাজস্থানের অমরপুরা স্টেশনে বিছানাপত্রে আগুন লাগানোর এবং সাসারামে ফাঁকা কামরায় জ্বলন্ত বস্তু ছুড়ে ফেলার অভিযোগও সামনে এসেছে। রেল মন্ত্রক মনে করছে, কিছু সমাজবিরোধী গোষ্ঠী নিরাপত্তা বিঘ্নিত করে রেল ব্যবস্থায় ভয় ও বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে।

সমস্ত ঘটনার তদন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে। যাত্রীদের সতর্ক থাকার এবং কোনও সন্দেহজনক কিছু চোখে পড়লে অবিলম্বে রেল হেল্পলাইন নম্বর ১৩৯-এ জানানোর অনুরোধ করা হয়েছে। এই ঘটনাগুলি রেল সুরক্ষার উপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।