ব্যুরো নিউজ, ৫ জুলাই ২০২৬ঃ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে এবার পরিষেবা কর আদায়ের পরিকল্পনা করছে ইরান। শান্তি চুক্তির পরেও আমেরিকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার কারণে তেহরান এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। চিনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজ়া রহমানি সম্প্রতি বেইজিংয়ে বিশ্ব শান্তি ফোরামে অংশ নিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, নতুন পরিকাঠামোয় হরমুজ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলিকে অবশ্যই পরিষেবা কর প্রদান করতে হবে।
রাষ্ট্রদূত রহমানি আরও জানান, ওমানের সঙ্গে হাত মিলিয়ে এই জলপথে নতুন স্থাপনা নির্মাণ করছে ইরান। হরমুজ প্রণালী ইরানের জলসীমার অংশ হওয়ায় তাদের পূর্ণ অধিকার রয়েছে ফি ধার্য করার। তবে, কঠিন সময়ে ইরানের পাশে থাকা বন্ধু দেশগুলির জন্য তেহরানের আলাদা ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যেসব দেশ ইরানকে পুরোপুরি সমর্থন করেছিল এবং এখনও পাশে রয়েছে, তাদের জন্য হরমুজ প্রণালীতে বিশেষ ব্যবস্থা করা হবে।
বিশেষজ্ঞ মহলের একাংশের আশা, ভারত যেহেতু ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং পরবর্তীতেও পাশে থাকার বার্তা দিয়েছে, তাই বন্ধু দেশের তালিকায় ভারতও থাকবে। ফলে ভারতকে হয়তো অন্যান্য দেশের মতো হরমুজ প্রণালী পারাপারের জন্য কর দিতে হবে না। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শিপিং এবং জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।








