ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ ফের ভূমিকম্পের কবলে পড়ল জাপান। বুধবার ভোরে এক শক্তিশালী কম্পনে কেঁপে উঠল দক্ষিণ জাপানের কাগেশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS) এবং জাপানের আবহাওয়া দপ্তর মারফত জানা গিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৯ থেকে ৬.২ এর মধ্যে। কম্পনের উৎসস্থল ছিল কাগেশিমা উপকূল থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে, সমুদ্রের গভীরে।
স্থানীয় সূত্রে খবর, ভূমিকম্পের তীব্রতায় একাধিক বাড়িঘর কেঁপে ওঠে। এর জেরে প্রবল আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে, এখনও পর্যন্ত কোনও বড়ো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জাপানের মেটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, এই কম্পনের জেরে আপাতত কোনও সুনামি হওয়ার সম্ভাবনা নেই, যা স্থানীয়দের জন্য স্বস্তির খবর। ভূমিকম্পের সবথেকে বেশি প্রভাব পড়েছিল ওকিনাওয়ার মূল দ্বীপে।
উল্লেখ্য, এদিনের কম্পনের মাত্র চার দিন আগেই জাপানের মূল দ্বীপ হনশুর পূর্ব উপকূলে ৬-এর বেশি মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই সময় কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয় এবং তাইহোকু এলাকার বিভিন্ন অংশে সতর্কবার্তা জারি করা হয়েছিল। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর উপর অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এই কারণেই দেশটিতে প্রায়শই ভূমিকম্প অনুভূত হয়। বর্তমান পরিস্থিতিতে জাপানের প্রশাসন পরিস্থিতির উপর কঠোর নজর রাখছে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।








