কেরলে পিএম শ্রী প্রকল্পের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, জলকামান চালাল পুলিশ

কেরলে পিএম শ্রী স্কুল প্রকল্পের বিরুদ্ধে সিপিআইয়ের ছাত্র-যুব সংগঠনের প্রতিবাদ উত্তপ্ত রূপ নিল। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে।

Share:

ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ কেরল বিধানসভার সামনে কেন্দ্রীয় সরকারের উচ্চাভিলাষী পিএম শ্রী (PM SHRI) স্কুল প্রকল্পের বিরুদ্ধে সিপিআইয়ের ছাত্র-যুব সংগঠনের প্রতিবাদ সোমবার উত্তপ্ত রূপ নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে, যার ফলে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে খবর। সকাল থেকেই সিপিআইয়ের ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা তিরুবনন্তপুরমে বিধানসভার সামনে জড়ো হতে শুরু করেন। তারা কেন্দ্রীয় সরকারের পিএম শ্রী স্কুল প্রকল্পের বিরুদ্ধে স্লোগান দেন এবং কালো পতাকা প্রদর্শন করেন। বিক্ষোভ যত তীব্র হয়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে।

ছাত্র-যুবকরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা চরমে ওঠে। ঘটনার সময় সিপিআইয়ের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক কে. রাজন জমায়েতকারীদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন। তিনি অভিযোগ করেন, পুলিশের জলকামান চালানো গণতান্ত্রিক প্রতিবাদকে দমনের চেষ্টা। বামপন্থী দলগুলির অভিযোগ, এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র রাজ্যের শিক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ করছে এবং স্কুলগুলিতে একটি নির্দিষ্ট মতাদর্শ প্রচারের চেষ্টা চলছে।

বিধায়ক কে. রাজন বলেন, “এই প্রকল্প কেরালার শিক্ষার গৌরবকে নষ্ট করার ষড়যন্ত্র। আমরা কখনোই কেন্দ্রের এই একতরফা সিদ্ধান্ত মেনে নেব না।” অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা ভঙ্গ করছিলেন এবং যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন, তাই জনসাধারণের সুবিধার্থে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেরলের শিক্ষামন্ত্রীও কেন্দ্রের এই প্রকল্পকে রাজ্যের নিজস্ব শিক্ষা নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন। কেরলের উচ্চ সাক্ষরতার হার এবং উন্নত শিক্ষা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই কেন্দ্রীয় প্রকল্পকে অনেকে ‘অপ্রয়োজনীয় হস্তক্ষেপ’ বলে মনে করছেন।