ব্যুরো নিউজ, ১ আগস্ট ২০২৬ঃ সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল বাংলাদেশে, যেখানে যাত্রীভর্তি একটি ট্রেন ফেলে উধাও হয়ে গেলেন তার চালক। ঘটনাটি ঘটেছে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনের মোবারকগঞ্জ স্টেশনে। প্রায় এক ঘণ্টা ধরে চালকের অনুপস্থিতিতে চরম ভোগান্তির শিকার হন শতাধিক যাত্রী। এই অপ্রত্যাশিত ঘটনায় স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। রিপোর্ট অনুযায়ী, গত ৩০শে জুলাই সন্ধ্যায় সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়।
নিয়ম অনুযায়ী, ট্রেনটির মাত্র দু’মিনিট থামার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ট্রেনটি স্টেশন ছাড়েনি। খোঁজ নিয়ে জানা যায়, ইঞ্জিনের দরজা বন্ধ করে চালক তার স্থান থেকে উধাও। যাত্রীরা জানান, প্রচণ্ড গরম ও ভিড়ের মধ্যে দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় তাদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। এমনকি, স্টেশন মাস্টারকেও তার ঘরে পাওয়া যায়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। যাত্রীদের ক্ষোভ ও হট্টগোলের পর অবশেষে রেল কর্তৃপক্ষ মাইকে ঘোষণা করে যাত্রীদের নিজ নিজ কোচে ফিরে যাওয়ার অনুরোধ জানায়।
দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় পর চালক ফিরে এলে ট্রেনটি পুনরায় রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই ঘটনায় যাত্রীরা সাময়িক স্বস্তি পেলেও, চালকের এমন আচরণের কারণ সম্পর্কে রেল কর্তৃপক্ষ কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারেনি। গার্ড শফিকুল ইসলাম জানিয়েছেন, ক্লিয়ারেন্স দেওয়ার পরও চালক ট্রেন ফেলে চলে গিয়েছিলেন। এই ঘটনা রেল পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।








