ব্যুরো নিউজ, ২৯ জুলাই ২০২৬: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কয়লা ব্লক বরাদ্দ মামলায় ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট। তাঁর মৃত্যুর প্রায় দু’বছর পর শীর্ষ আদালতের এই রায় ইউপিএ আমলের অন্যতম বিতর্কিত ‘কোল স্ক্যাম’-এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাল।
বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, সিবিআইয়ের দাখিল করা ‘ক্লোজার রিপোর্ট’ গ্রহণ করা হয়েছে এবং ২০১৫ সালে নিম্ন আদালতের দেওয়া মনমোহন সিংকে অভিযুক্ত হিসেবে তলব করার নির্দেশটি বাতিল করা হয়েছে। ঘটনার সূত্রপাত ২০১২ সালে, যখন দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে ওডিশার তালাবিরা-২ কোল ব্লক বরাদ্দে অনিয়মের অভিযোগ ওঠে। এই তথাকথিত ‘কোল স্ক্যাম’ নিয়ে দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে কয়লা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বও ছিল মনমোহন সিংয়ের কাছে, ফলে তাঁর নামও তদন্তের আওতায় আসে। সিবিআই তদন্ত শেষে জানিয়েছিল যে মনমোহন সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর মতো পর্যাপ্ত প্রমাণ নেই, তাই তারা ক্লোজার রিপোর্ট জমা দেয়। কিন্তু বিশেষ সিবিআই আদালত সেই রিপোর্ট গ্রহণ না করে মনমোহন সিং এবং আরও পাঁচজনকে অভিযুক্ত হিসেবে তলব করেছিল ২০১৫ সালের ১১ মার্চ। এর কয়েক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার চূড়ান্ত রায়ে জানায়, বিশেষ আদালত সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট খারিজ করার মতো যথেষ্ট আইনি কারণ দেখাতে পারেনি। তাই নিম্ন আদালতের সমন বাতিল করে সিবিআইয়ের রিপোর্টই বহাল রাখা হয়েছে। এই রায়ের ফলে ১১ বছর ধরে চলা আইনি লড়াইয়ের অবসান ঘটল এবং প্রয়াত মনমোহন সিং আইনিভাবে সম্পূর্ণ স্বস্তি পেলেন।








