সন্ত্রাসবাদের অভিযোগে ‘বালোচ সিংহী’ মাহরং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড, উত্তপ্ত বালোচিস্তান

'বালোচ সিংহী' মাহরং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিল শাহবাজ সরকার। সন্ত্রাসবাদের অভিযোগে এই সাজা, উত্তপ্ত বালোচিস্তান, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ বালোচিস্তানের স্বাধীনতার আন্দোলনের অন্যতম মুখ, মানবাধিকারকর্মী ও ‘বালোচ সিংহী’ নামে পরিচিত মাহরং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিল পাকিস্তানের শাহবাজ শরিফ সরকার। কোয়েটার সন্ত্রাস দমন আদালত সোমবার তাঁকে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই সাজা শুনিয়েছে। মাহরঙের পাশাপাশি তাঁর দুই সহযোগীও একই দণ্ড পেয়েছেন।

পেশায় চিকিৎসক মাহরং বালোচ বালোচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)-র নেত্রী হিসেবে গত এক দশক ধরে পাক সেনার অকথ্য নির্যাতনের বিরুদ্ধে সরব ছিলেন। তিনি স্বাধীনতার লড়াইয়ে পাক সেনার নাভিশ্বাস তুলেছিলেন বলে পরিচিত। দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে চেয়ে আন্দোলন চালাচ্ছে বালোচিস্তানের জনগণ, যা দমাতে পাক সেনা ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ। এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন মাহরং, যিনি একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করেছেন। ওয়াকিবহাল মহলের মতে, এই রায়ের পর বালোচিস্তানে নতুন করে অশান্তির আগুন জ্বলে উঠতে পারে। বিওয়াইসি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে মানবাধিকার লঙ্ঘনের চরম দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে।

উল্লেখ্য, পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-র মতো সশস্ত্র সংগঠনগুলি পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। বর্তমানে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষ এবং তেহরিক-ই-তালিবানের সঙ্গে অভ্যন্তরীণ বিদ্রোহে জর্জরিত পাকিস্তান সরকার। এই গুরুতর পরিস্থিতির সুযোগ নিয়ে বালোচ সংগঠনগুলিও হামলার ঝাঁজ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে বালোচ সংগঠনগুলির উপর দমন-পীড়ন আরও বাড়লে পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে। মাহরং বালোচের এই যাবজ্জীবন কারাদণ্ড বালোচিস্তানের স্বাধীনতা সংগ্রামকে আরও তীব্র করবে বলেই মনে করা হচ্ছে।