ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলায় এক বিধবা মহিলাকে গণধর্ষণ ও পাশবিক অত্যাচারের অভিযোগ উঠেছে। ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। ৪০ বছর বয়সী ওই মহিলার গোপনাঙ্গে কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও, পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ইন্দোরে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার সময় ওই মহিলা তাঁর ছোট মেয়ের সঙ্গে বাড়িতে ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পাঁচ থেকে ছয়জন দুষ্কৃতী বাড়িতে প্রবেশ করে। তাদের মধ্যে দু’জন ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। আলিরাজপুরের পুলিশ সুপার রঘুবংশ কুমার সিং জানিয়েছেন, চিকিৎসকেরা মহিলার গোপনাঙ্গে গুরুতর আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্তরা বাড়ি থেকে রূপোর গয়না এবং একটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যেই তারা বাড়িতে ঢুকেছিল, তবে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।
ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সম্প্রতি বিহারেও একই ধরনের নৃশংস ঘটনার খবর পাওয়া গিয়েছিল, যেখানে এক মহিলার যৌনাঙ্গে পাথর ও কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনা আবারও দেশের নারী সুরক্ষার প্রশ্ন তুলে দিল।








