ব্যুরো নিউজ, ২৪ জুলাই ২০২৬ : কেন্দ্রীয় সরকার এবার প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের পথে হাঁটছে। সম্প্রতি NEET পরীক্ষা সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী, শুক্রবারের ক্যাবিনেট বৈঠকে এই সংক্রান্ত নতুন আইনের প্রস্তাব পাশ করানো হতে পারে বলে সরকারি সূত্রে খবর। প্রস্তাবিত নতুন আইনে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের জন্য ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হচ্ছে। এই কঠোর শাস্তির মাধ্যমে অসাধু চক্রকে রুখতে চাইছে কেন্দ্র। এর আগে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করে স্পষ্ট জানিয়েছিলেন যে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে কাউকে রেহাই দেওয়া হবে না। তিনি প্রশ্নফাঁসের ঘটনাকে ‘সাধারণ বা তুচ্ছ বিষয় নয়’ বলে উল্লেখ করে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, গত আড়াই মাসে প্রশ্নফাঁসের ঘটনায় বেশ কিছু আইনি পদক্ষেপ করা হয়েছে এবং দোষীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সেদিকেও সরকার বিশেষ নজর রাখছে।
এই আইন কার্যকর হলে দেশের শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ফিরবে এবং অসাধু চক্রের দৌরাত্ম্য কমবে বলে আশা করা হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর পরিশ্রম ও স্বপ্নকে সুরক্ষিত রাখাই এই আইনের মূল লক্ষ্য। কেন্দ্র মনে করছে, এই কঠোর পদক্ষেপের মাধ্যমে প্রশ্নফাঁসের মতো অপরাধমূলক কাজকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটানোর সাহস কেউ পাবে না।








