ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ : এই বছরের নিট-ইউজি (NEET-UG) প্রশ্নফাঁস কাণ্ডে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) আরও এক বড় সাফল্য পেল। শুক্রবার (২২ মে) মহারাষ্ট্রের পুনে থেকে মণীষা সঞ্জয় হাভালদার নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।কেন্দ্রীয় সংস্থার দাবি অনুযায়ী, এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার পদার্থবিজ্ঞানের প্রশ্ন ফাঁসের মূল উৎস ছিলেন তিনি। মণীষা পুনের ‘শেঠ হীরালাল সরাফ প্রশালা’র কর্মী।
সিবিআই সূত্রে খবর, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) মণীষা হাভালদারকে নিট পরীক্ষার বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। এই সূত্রেই পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্র তাঁর হাতে আসে। অভিযোগ, গত এপ্রিল মাসেই তিনি এই প্রশ্নপত্রের বেশ কিছু অংশ মণীষা মান্ধারে নামে এই ঘটনায় আর এক অভিযুক্তকে সরবরাহ করেন। তদন্তকারীরা জানিয়েছেন, হাভালদারের ফাঁস করা প্রশ্নগুলির সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গিয়েছে। এর ফলে আবারও প্রমাণিত হল যে, প্রশ্নফাঁস কাণ্ডের পিছনে পরীক্ষক বা বিশেষজ্ঞদের মতো অভ্যন্তরীণ ব্যক্তিদেরই অনৈতিক যোগসাজশ রয়েছে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ১২ মে এই মামলার তদন্তভার নেয় সিবিআই। এর আগে বায়োলজির প্রশ্ন ফাঁসের অভিযোগে বটানির শিক্ষিকা মণীষা গুরুনাথ মান্ধারে এবং কেমিস্ট্রির প্রশ্ন ফাঁসের অভিযোগে পি ভি কুলকার্নিকে পুনে থেকেই গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবারের এই নতুন গ্রেপ্তারের পর এই মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক ও লাতুর-সহ দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে বেশ কিছু ল্যাপটপ, মোবাইল ও ব্যাঙ্কের নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই। এই ঘটনায় আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।








