ব্যুরো নিউজ, ২৪ জুন ২০২৬ঃ লন্ডনের আদালতে বড় ধাক্কা খেলেন পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদী। ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অবিলম্বে ১০.৭ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০০ কোটি টাকা, শোধ করার নির্দেশ দিয়েছে লন্ডনের একটি আদালত। এই রায়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বড় জয় হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার সূত্রপাত ২০১২ সালে। দুবাইয়ের একটি সংস্থাকে ঋণ দিয়েছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর পরের বছর, অর্থাৎ ২০১৩ সালের ৩ অগস্ট, সেই ঋণের জন্য ব্যক্তিগত গ্যারান্টার হয়েছিলেন নীরব মোদী। কিন্তু ২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) জালিয়াতি কাণ্ড প্রকাশ্যে আসার পর পরিস্থিতি পাল্টে যায়। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওই দুবাইয়ের সংস্থা এবং নীরব মোদীকে ঋণের টাকা ফেরত চেয়ে নোটিস পাঠায়।
আদালতের নথি অনুযায়ী, নীরব মোদী সেই নোটিসের কোনও জবাব দেননি। এরপর ২০২৪ সালের মার্চ মাসে আদালত ‘সামারি জাজমেন্ট’ দেয়, যেখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দাবিকে বৈধ বলে মেনে নেওয়া হয়। মূল ঋণের ৪.১ মিলিয়ন ডলার এবং সুদ আদায়ের পক্ষে রায় দেন বিচারক। পরে ২০২৫ সালের অক্টোবরে নীরবকে টাকা মেটানোর নোটিস পাঠানো হয়। মঙ্গলবার লন্ডন সার্কিট কমার্শিয়াল কোর্টের বিচারপতি সাইমন টিঙ্কলার জানান, পিএনবি কেলেঙ্কারির জেরে দুবাইয়ের ওই সংস্থার ব্যবসা মারাত্মক ধাক্কা খেয়েছিল, ফলে নীরব মোদীর দেওয়া গ্যারান্টির আর্থিক মূল্যও কমে যায়।
নীরব মোদী দাবি করেছিলেন যে তিনি ২০১৮ এবং ২০২৫ সালের নোটিস পাননি, কিন্তু আদালত সেই দাবি খারিজ করে দিয়েছে। বিচারপতির পর্যবেক্ষণ, নোটিসগুলি যথাযথ ভাবে পৌঁছে দেওয়া হয়েছিল, এমনকি ২০২৫ সালের নোটিস তাঁর কারাগারের ঠিকানাতেও পাঠানো হয়েছিল। ব্যক্তিগত গ্যারান্টি অনুযায়ী নীরব মোদীকে মূল ৪.১ মিলিয়ন ডলারের সঙ্গে নির্ধারিত হারে সুদ মিলিয়ে মোট ১০.৭ মিলিয়ন ডলার শোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।







