কলেজ ছাত্রীর আত্মহত্যায় প্ররোচনা: ওডিশার পরিবহণ মন্ত্রীর ভাইপো গ্রেপ্তার, রাজনৈতিক মহলে শোরগোল

ওডিশায় কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার হলেন পরিবহণ মন্ত্রী বিভূতিভূষণ জেনার ভাইপো বিশ্বজিৎ জেনা। রাজনৈতিক মহলে তীব্র শোরগোল।

Share:

ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ ওডিশায় এক কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী বিভূতিভূষণ জেনার ভাইপো। শনিবার গঞ্জাম জেলার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রবিবার অভিযুক্ত বিশ্বজিৎ জেনাকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ওডিশার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রী ওই কলেজেরই বিসিএ (ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন) বিভাগের পড়ুয়া ছিলেন। তিনি তাঁর বোন ও তিন সহপাঠীর সঙ্গে হস্টেলের একটি ঘরে থাকতেন। অভিযুক্ত বিশ্বজিৎ জেনাও একই কলেজের ছাত্র। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রী ও অভিযুক্তের মধ্যে বন্ধুত্ব ছিল। মৃতার কাকা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরই বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয়। বেরহামপুরের পুলিশ সুপার সারভানা বিবেক এম জানিয়েছেন, পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ফরেনসিক দলও প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। মৃত ছাত্রী ও অভিযুক্ত যুবকের ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।

পাশাপাশি, মৃতার রুমমেটদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় ওডিশার বিরোধী দল বিজু জনতা দল (BJD) অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। বিজু জনতা দলের গঞ্জাম জেলা সভাপতি রমেশ চন্দ্র আয়ু পট্টনায়েক বলেছেন, অভিযুক্তের সঙ্গে মন্ত্রীর সম্পর্ক যাই হোক না কেন, অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মন্ত্রী বিভূতিভূষণ জেনা বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।