ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ ফের নোট বাতিলের (Currency Ban) গুজবকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছিল এক বিভ্রান্তিকর পরিস্থিতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছিল একটি খবর, যেখানে দাবি করা হয় যে পুরনো ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার নোট বাতিল হতে চলেছে। বিশেষত, ২০০৫ সালের আগে ছাপানো এই নোটগুলি আগামী ৩০ জুনের পর আর কোনও ব্যাঙ্ক গ্রহণ করবে না বলে জল্পনা শুরু হয়। ২০১৬ সালের নোট বাতিলের তিক্ত অভিজ্ঞতা মনে করে বহু মানুষ এই খবরে আতঙ্কিত হয়ে পড়েন এবং বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ পায়। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়।
তবে, এই সমস্ত জল্পনা ও গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। ব্যাঙ্কের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বা কেন্দ্রীয় সরকারের তরফে পুরনো নোট বাতিল সংক্রান্ত কোনও রকম নির্দেশিকা জারি করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। কেন্দ্রীয় ফ্যাক্ট চেক সংস্থা পিআইবি (PIB) ও এই দাবিকে গুজব বলে খারিজ করে দিয়েছে, যা সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র আরও স্পষ্ট করে জানিয়েছে যে, ৩০ জুনের পরেও ২০০৫ সালের আগে ছাপা সমস্ত ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা এবং ১০০ টাকার নোট আগের মতোই বৈধ থাকবে এবং দেশের সমস্ত ব্যাঙ্কগুলিতে গ্রহণ করা হবে। গ্রাহকদের অযথা বিচলিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল সূত্র ছাড়া অন্য কোনও তথ্যে বিশ্বাস না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আপাতত কেন্দ্র সরকার নোট বাতিল সংক্রান্ত কোনও রকম সিদ্ধান্ত নেয়নি বা ভাবনাচিন্তাও করছে না বলে জানানো হয়েছে।








