পাসপোর্ট শুধুই ভ্রমণ নথি, নাগরিকত্বের প্রমাণ নয়: কেন্দ্রের ঘোষণায় বিতর্ক

কেন্দ্রের নয়া ঘোষণা অনুযায়ী, পাসপোর্ট শুধুই বিদেশ ভ্রমণের ছাড়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এই মন্তব্যে দেশজুড়ে বিতর্ক। জেনে নিন আসল নাগরিকত্বের প্রমাণ কী।

Share:

ব্যুরো নিউজ, ২৪ জুন ২০২৬ঃ কেন্দ্রের নতুন ঘোষণা অনুযায়ী, পাসপোর্ট শুধুই বিদেশ ভ্রমণের একটি অনুমতিপত্র বা দলিল, এটি কোনওভাবেই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। ১৪তম ‘পাসপোর্ট সেবা দিবস’-এর অনুষ্ঠান মঞ্চ থেকে বিদেশ মন্ত্রক এই কথা জানানোর পর দেশজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, ভারতের নাগরিকদেরই যদি পাসপোর্ট দেওয়া হয়, তবে এটি কেন নাগরিকত্বের প্রমাণ হবে না? বিদেশ মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে যে, পাসপোর্টের মূল কাজ হল একজন ব্যক্তির আন্তর্জাতিক যাতায়াত সহজ করা। তবে, আপনার পকেটে থাকা পাসপোর্টটি আইনিভাবে আপনার নিজস্ব সম্পত্তি নয়, বরং এটি ভারত সরকারের সম্পত্তি।

সরকার নির্দেশ দিলে যেকোনো সময় এটি জমা দিতে হবে। শুধু পাসপোর্টই নয়, সুপ্রিম কোর্টও এর আগে জানিয়েছিল যে আধার কার্ড বা ভোটার আইডি কার্ডও নাগরিকত্বের প্রমাণ নয়, এগুলি কেবল পরিচয়পত্র। তাহলে নাগরিকত্বের আসল প্রমাণ কী? ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী, এটি মূলত আপনার জন্মসালের উপর নির্ভর করে। যেমন, ১৯৫০ থেকে ১৯৮৭ সালের মধ্যে যারা ভারতে জন্মেছেন, তারা জন্মসূত্রেই ভারতীয়। ১৯৮৭-এর পর জন্মানো ব্যক্তিদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের মধ্যে যেকোনো একজনকে ভারতীয় হতে হবে।

২০০৪-এর পর জন্মানোদের ক্ষেত্রে বাবা-মা দুজনকেই ভারতীয় হতে হবে অথবা একজন ভারতীয় এবং অন্যজন অবৈধ অনুপ্রবেশকারী না হলে তবেই নাগরিকত্ব মিলবে।এই বিতর্কের মধ্যেই বিদেশ মন্ত্রক তাদের পাসপোর্ট পরিষেবার অবিশ্বাস্য অগ্রগতির খতিয়ান তুলে ধরেছে। বর্তমানে চিপযুক্ত ‘ই-পাসপোর্ট’ দেওয়া হচ্ছে এবং পুলিশ ভেরিফিকেশনের সময় বাদ দিলে মাত্র ৬ কার্যদিবসের মধ্যে পাসপোর্ট গ্রাহকের হাতে পৌঁছে যাচ্ছে। গত ১০ বছরে পাসপোর্ট কেন্দ্রের সংখ্যা ৭৬ থেকে বেড়ে ৫৪৫টিতে দাঁড়িয়েছে, যা পরিষেবা আরও দ্রুত ও সহজ করেছে।