অঙ্কে ৫১ পেয়েও রকেট বিজ্ঞানী! সরকারি চাকরি ছেড়ে ভারতের প্রথম বেসরকারি রকেটের ‘বিশ্বকর্মা’ পবন চন্দনা

অঙ্কে ৫১ পেয়েও রকেট বিজ্ঞানী! পবন চন্দনার (Pawan Chandana) অনুপ্রেরণামূলক জীবন কাহিনি। সরকারি চাকরি ছেড়ে স্কাইরুট (Skyroot) প্রতিষ্ঠা করে ‘বিক্রম-১’ (Vikram-I) উৎক্ষেপণ করে ইতিহাস গড়লেন।

Share:

ব্যুরো নিউজ, ১৮ জুলাই ২০২৬ঃ সাধারণ বাঙালি পরিবারে অঙ্কে কম নম্বর পেলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন অভিভাবকরা। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে দেখিয়েছেন পবন কুমার চন্দনা। একসময় অঙ্কে মাত্র ৫১ পেয়েও তিনি আজ ভারতের প্রথম বেসরকারি রকেটের অন্যতম স্থপতি। স্কাইরুট অ্যারোস্পেসের সহ-প্রতিষ্ঠাতা পবন, সম্প্রতি তাদের তৈরি ‘বিক্রম-১’ রকেট সফলভাবে কক্ষপথে পাঠিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এটি দেশের প্রথম সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে নির্মিত অরবিটাল রকেট।

হায়দরাবাদের এক মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া পবনের ছোটবেলা থেকেই যন্ত্রপাতির প্রতি আগ্রহ ছিল। স্কুলের গণিতে দুর্বলতা সত্ত্বেও, তিনি প্রথম চেষ্টাতেই আইআইটি জে‌ই ক্র্যাক করে খড়্গপুর আইআইটি-তে ভর্তি হন। সহপাঠীরা যখন আইটি সেক্টরে ঝুঁকছিলেন, পবনের লক্ষ্য ছিল মহাকাশ। ক্যাম্পাস থেকেই তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-তে যোগ দেন এবং ৬ বছর ধরে GSLV Mk III রকেটের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করেন। সরকারি চাকুরিজীবীর নিরাপদ জীবন ছেড়ে ২০১৮ সালে পবন এবং আরেক প্রাক্তন ইসরো বিজ্ঞানী নাগা ভরত ডাকার মিলে হায়দরাবাদে প্রতিষ্ঠা করেন ‘স্কাইরুট অ্যারোস্পেস’।

শুরুতে বিনিয়োগ পেতে সমস্যা হলেও, ফ্লিপকার্টের সহ-প্রতিষ্ঠাতা বিন্নি বনসল তাঁদের উপর ভরসা রেখে ১৫ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ করেন। এরপর গ্রিনকো-ও পাশে দাঁড়ায়। ২০২০ সালে ‘রমন-১’ ইঞ্জিন পরীক্ষা এবং ২০২২ সালে ‘বিক্রম-এস’ উৎক্ষেপণের পর, এবার ‘বিক্রম-১’ মহাকাশে পাঠিয়ে স্কাইরুট এক নতুন দিগন্ত উন্মোচন করল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে পবনকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “তোমরা শুধু মহাকাশে নতুন গাছই রোপণ করোনি, আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য মাটিতেও নতুন শিকড় গেড়ে দিয়েছ।” পবন চন্দনার এই যাত্রা প্রমাণ করে, স্বপ্ন দেখার সাহস থাকলে কোনো বাধাই বড় নয়।