ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ : ভারতে মুদ্রা ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যান্য উন্নত দেশগুলির মতো এবার ভারতেও চালু হতে পারে পলিমার বা প্লাস্টিকের নোট। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছে, পলিমার নোট চালুর প্রস্তাব বর্তমানে তাদের বিবেচনাধীন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি ।
তবে বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে মূল্যায়ন চলছে। RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, নোটের স্থায়িত্ব বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং জাল নোট রোধের মতো বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। সবদিক পর্যালোচনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পলিমার নোট সাধারণ কাগজের নোটের চেয়ে অনেক বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী হয়। এগুলি সহজে ছেঁড়ে না, জলে ভিজলেও নষ্ট হয় না এবং বারবার ব্যবহারে ভালো অবস্থায় থাকে। এমনকি ওয়াশিং মেশিনে ধুয়ে ফেললেও এর তেমন ক্ষতি হয় না। ফলে দীর্ঘমেয়াদে নোট পরিবর্তনের প্রয়োজন কমে এবং মুদ্রা ছাপানোর ব্যয়ও সাশ্রয় হয়। ভারতে পলিমার নোট চালুর ভাবনা নতুন নয়। ২০১৪ সালে পরীক্ষামূলকভাবে ১০ টাকার পলিমার নোট চালু করার পরিকল্পনা থাকলেও প্রযুক্তিগত ও পরিচালনগত সীমাবদ্ধতার কারণে তা বাস্তবায়িত হয়নি। তবে বর্তমানে প্রযুক্তির উন্নতির সাথে সাথে এই পরিকল্পনা নতুন করে আলোচনায় এসেছে।
বিশেষজ্ঞরা মনে করেন, পলিমার নোটের নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত, যা জাল নোট তৈরি করা কঠিন করে তোলে। বিশ্বের অনেক দেশ যেমন অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ব্রিটেন ইতিমধ্যেই পলিমার নোটের সুবিধা গ্রহণ করছে। ভারতও সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য পদক্ষেপের কথা ভাবছে।







