ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় দিল্লি বিমানবন্দরে প্রায় ৪৫ মিনিট ধরে অপেক্ষা করল। দেশজুড়ে আয়োজিত গুরুত্বপূর্ণ NEET পরীক্ষার পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, যানজট এড়াতে এবং পরীক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন, তা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী এই পদক্ষেপ করেন।
ঘটনাটি ঘটে রবিবার, যখন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগা দিবস ও ‘পশ্চিমবঙ্গ দিবস’-এর অনুষ্ঠানে যোগ দিয়ে দু’দিনের সফর শেষে কলকাতা থেকে দিল্লি ফেরেন। দুপুর ১টা নাগাদ তাঁর বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু সঙ্গে সঙ্গে তাঁর কনভয় বিমানবন্দর ছাড়েনি। দুপুর ২টোয় NEET পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা শুরু হওয়ার পরই বাসভবনের উদ্দেশে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন।
রাজধানীতে নিট পরীক্ষার দিন বিপুল সংখ্যক পরীক্ষার্থী বিভিন্ন কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ায় রাস্তায় অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা ছিল। এই পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী নিজেই তাঁর বিমানবন্দরগামী কনভয়ের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেন। এই পদক্ষেপের ফলে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হননি এবং যান চলাচলও ব্যাহত হয়নি বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এই বছর ভারতের ৫৫১টি শহর ও বিদেশের ১৪টি শহরের মোট ৫,৪৪০টি কেন্দ্রে ইংরেজি এবং ১২টি ভারতীয় ভাষায় NEET পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কক্ষে কড়া নজরদারির জন্য ৯৫,০০০-এরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল এবং ১ লক্ষ ৩৮ হাজারের বেশি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়। প্রধানমন্ত্রীর এই জনমুখী সিদ্ধান্ত দেশজুড়ে প্রশংসিত হয়েছে।







