প্রধানমন্ত্রী মোদীর মুকুটে নতুন পালক: সেশেলসের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন তিনি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের সর্বোচ্চ সম্মান 'গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন' পেলেন। পরিবেশবান্ধব নেতৃত্ব ও জলবায়ু কার্যক্রমে তাঁর অঙ্গীকারের স্বীকৃতি এটি।

Share:

ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে যুক্ত হলো আরও একটি আন্তর্জাতিক সম্মান। সম্প্রতি সেশেলসের সর্বোচ্চ পুরস্কার ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’-এ ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পরিবেশবান্ধব নেতৃত্ব, জলবায়ু কার্যক্রম এবং ব্লু ইকোনমির প্রতি তাঁর অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। এই পুরস্কার প্রাপ্তির পর প্রধানমন্ত্রী মোদী সেশেলসের জনগণ, সরকার এবং প্রেসিডেন্ট হার্মিনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিনম্রচিত্তে এই সম্মান গ্রহণ করে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সংগ্রামরত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষাকে নিজেদের দায়িত্ব মনে করা সকল দেশের উদ্দেশ্যে এটি উৎসর্গ করেছেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারত এই গ্রহকে আরও সবুজ ও টেকসই করে তোলার লক্ষ্যে সর্বদা প্রস্তুত এবং দেশের অভ্যন্তরীণ নীতি ও আন্তর্জাতিক উদ্যোগগুলিতে এই অঙ্গীকার প্রতিফলিত হয়। সেশেলসের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির এই সময়ে পুরস্কার প্রদান দুই দেশের বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি জানান। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে একাধিক সম্মান অর্জন করেছেন।

২০১৬ সালে সৌদি আরবের ‘কিং আব্দুল আজিজ সাশ’ থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরশাহির ‘অর্ডার অফ জায়েদ’, রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মতো দেশ থেকেও তিনি বহু পুরস্কার পেয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলো সেশেলসের এই গুরুত্বপূর্ণ সম্মান, যা আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে আরও একবার তুলে ধরল।