ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ প্রশান্ত কিশোরের রাজনৈতিক জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশের অন্যতম পরিচিত ভোটকুশলী প্রশান্ত কিশোর এবার পাটনার বিলাসবহুল বাংলো ছেড়ে আশ্রমবাসী হলেন। সম্প্রতি তাঁর দল জন সুরাজ-এর ভরাডুবির পর তিনি আড়ালে চলে গিয়েছিলেন। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে পাটনার উপকণ্ঠে অবস্থিত নবনির্মাণ আশ্রমই তাঁর নতুন ঠিকানা। এতদিন তিনি জন সুরাজের সর্বভারতীয় সভাপতি উদয় সিংয়ের বাংলোয় থাকতেন। এখন সেই জীবনযাপন ছেড়ে তিনি অনেকটাই সংযমী ও সাদামাটা জীবন বেছে নিয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।
অনেকে এই সিদ্ধান্তকে রাজনৈতিক ব্যর্থতার পর ‘বৈরাগ্য’ নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবেও দেখছেন। সম্প্রতি বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের দল জন সুরাজ প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি। মাত্র সাড়ে ৩ শতাংশ ভোট পেয়ে একটি আসনও জিততে ব্যর্থ হয় দলটি। এই ফলাফলের পর থেকেই প্রশান্ত কিশোরকে প্রকাশ্যে কম দেখা যাচ্ছিল। যদিও মাঝে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর সাক্ষাৎ নতুন জল্পনা তৈরি করেছিল, তবে আপাতত তিনি নিজেকে জনসমক্ষে কম এনে অন্তর্মুখী অবস্থান নিতে চাইছেন।
আশ্রমে থাকার সিদ্ধান্ত নিয়ে প্রশান্ত কিশোর নিজেই জানিয়েছেন, বিহারের আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। তাঁর কথায়, “আমি আগামী বিধানসভা ভোট পর্যন্ত এই আশ্রমেই থাকব। আশা করি আগামী বিধানসভায় আমার দল ভালো করবে।” এর থেকে স্পষ্ট যে, জন সুরাজ এখনই রাজনীতির ময়দান ছাড়ছে না, বরং নতুনভাবে সংগঠন গুছিয়ে আগামী নির্বাচনে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করেছে।








