ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ : পুণেতে চাঞ্চল্যকর প্রি-ওয়েডিং শুট হত্যাকাণ্ডে বাগদত্তা তরুণী সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠাল পুণের জেলা আদালত। হবু বর কেতন বিশাল আগরওয়ালকে খুনের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে লোনাভালা গ্রামীণ পুলিশ। আগামী ২৯ জুন পর্যন্ত তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, গত মাসে পুণের একটি কেল্লায় প্রি-ওয়েডিং শুটের জন্য গিয়েছিলেন ব্যবসায়ীপুত্র কেতন বিশাল আগরওয়াল। সেখানেই ৩৫০ ফুট উঁচু থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে মনে করা হলেও, কেতনের পরিবার ও বন্ধুদের সন্দেহ হয়। কারণ কেতন একজন অভিজ্ঞ ট্রেকার ছিলেন এবং এমনভাবে পড়ে যাওয়ার ঘটনা তাঁদের কাছে অস্বাভাবিক মনে হয়েছিল। তাঁদের লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। পুণে গ্রামীণ পুলিশের এসপি সন্দীপ সিং গিল জানিয়েছেন, দুই অভিযুক্তই জেরার মুখে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। কীভাবে কেতনকে খুন করা হয়েছে, তার বিস্তারিত বিবরণও তারা পুলিশকে জানিয়েছে।
বিয়ের ঠিক এক মাস আগে বাগদত্তা তরুণীর জন্মদিন উদযাপন করতে কেল্লায় গিয়েছিলেন কেতন। সেখানেই পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। পুলিশ এখন খুনের পেছনের আসল উদ্দেশ্য এবং অন্যান্য জড়িতদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এই ঘটনার পর সিয়া গোয়েল তার ইনস্টাগ্রামে কেতনের জন্য শোকবার্তা পোস্ট করে কুমিরের কান্না কেঁদেছিল বলেও জানা গেছে, যা পরিবারের সন্দেহ আরও বাড়িয়ে তোলে।








