পুণের দুর্গে প্রি-ওয়েডিং শুটে যুবক খুন, বাগদত্তা ও প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ

পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং শুটে যুবক খুন। বাগদত্তা সিয়া গোয়েল ও তার প্রেমিক চেতন চৌধুরীর বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share:

ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং শুটের সময় ২৪ বছর বয়সী কেতন বিশাল অগরওয়াল নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রথমে এটিকে দুর্ঘটনা মনে হলেও, পুলিশের তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর খুনের ষড়যন্ত্রের চিত্র। পুলিশ সূত্রে খবর, কেতনকে উঁচু দুর্গ থেকে ধাক্কা মেরে প্রায় ৩৫০ ফুট গভীর খাদে ফেলে খুন করা হয়েছে। এই চাঞ্চল্যকর খুনের অভিযোগ উঠেছে তাঁরই বাগদত্তা সিয়া গোয়েল এবং তার প্রেমিক চেতন চৌধুরীর বিরুদ্ধে।

জানা গেছে, বাগদত্তার জন্মদিন উদযাপন করতেই কেতন তাঁর হবু স্ত্রী ও বন্ধুদের সঙ্গে লোহাগড় দুর্গে গিয়েছিলেন। কেতন ঘুণাক্ষরেও টের পাননি যে সিয়ার সঙ্গে চেতন চৌধুরীর গোপন প্রেমের সম্পর্ক রয়েছে। পুলিশ জানিয়েছে, এই প্রেমিক যুগল পূর্বপরিকল্পিতভাবে কেতনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষেছিল। তদন্তে আরও জানা গেছে, গত ১৪ই জুনও তারা কেতনকে লোহাগড়ে নিয়ে গিয়ে সাপের আক্রমণের ভয় দেখিয়ে খাদে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেবার তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।

কেতন এই গভীর ষড়যন্ত্রের বিষয়ে বিন্দুমাত্র আঁচ পাননি। কেতনের পরিবার এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত এবং সুবিচার দাবি করেছে। পুলিশ অভিযুক্ত সিয়া গোয়েল ও চেতন চৌধুরীকে গ্রেফতার করে বিস্তারিত তদন্ত শুরু করেছে।